রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন সাবেক আমির শেখ হামাদের, চার দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিহত সাবেক আমির শেখ হামাদ
নিহত সাবেক আমির শেখ হামাদ | ছবি: সংগৃহীত
0

দোহায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানিকে। এতে অংশ নেন দেশটির বর্তমান আমির ও তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানিসহ কয়েক হাজার মানুষ। তার মৃত্যুতে ঘোষণা করা হয়েছে চার দিনের রাষ্ট্রীয় শোক।

৭৪ বছর বয়সে মারা গেলেন কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। রোববার সকালে তার মৃত্যুর খবর জানায় দেশটির সর্বোচ্চ সরকারি দপ্তর আমিরি দিওয়ান। অবশ্য তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

দোহায় অনুষ্ঠিত হয় তার জানাজার নামাজ। কাতারের বর্তমান আমির ও তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন সেখানে। বাবার মরদেহ কাঁধে করে বহন করতে দেখা যায় তাকে। আমিরের জানাজায় অংশ নেন কয়েক হাজার মানুষ। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় সাবেক আমিরকে।

১৯৯৫ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন শেখ হামাদ। টানা ১৮ বছরের শাসনামলে কাতারকে মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তিতে পরিণত করেন তিনি। তার নেতৃত্বে স্থায়ী সংবিধান পায় কাতার। নারীরা পান ভোটে অংশ নেয়ার সুযোগ।

এছাড়াও জ্বালানি বিশেষ করে এলএনজি শিল্পে ব্যাপক উন্নয়ন হয় কাতারের। একই সময়ে সম্প্রচারে আসে প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরার। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বত্ব অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে কাতারের পরিচিতি বাড়ে বহুগুণ।

সাবেক আমিরের মৃত্যুতে কাতারে চার দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোকাহত দেশটির বাসিন্দারা। বিশ্বনেতারাও জানিয়েছেন গভীর শোক।

দেশটির বাসিন্দারা বলেন, শেখ হামাদ বিন খালিফা আল থানির ওপর আল্লাহ তায়ালার রহমত ছিলো। তার শাসনামলে বিভিন্ন ক্ষেত্রে কাতার অনেক এগিয়েছে। তার মৃত্যুতে কাতারের মানুষ শোকাহত। রাষ্ট্র তার অভিভাবক হারিয়েছে। আমির আমাদের পিতা। সে কাতারকে অন্যরকম জায়গায় নিয়ে গেছেন। তার মৃত্যুতে শোকাহত।

২০১৩ সালে ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দেন শেখ হামাদ বিন খলিফা আল থানি।

ইএ