কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিপুল বিনিয়োগ থেকে পর্যাপ্ত মুনাফা আসবে কি না, তা নিয়ে উদ্বেগের কারণে চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো চাপে রয়েছে। এছাড়া ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে হামলা শুরু হওয়ায় হরমুজ প্রণালি হয়ে জ্বালানি সরবরাহ ও জাহাজ চলাচল আরও ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে।
বিনিয়োগকারীদের উদ্বেগ, তেলের দাম ধারাবাহিকভাবে বাড়লে মূল্যস্ফীতির চাপ আবারও ফিরে আসতে পারে এবং তা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণকে জটিল করে তুলতে পারে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির উপাত্তে মৌলিক মূল্যচাপ কমার ইঙ্গিত দিলেও জ্বালানির দাম সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন।
ডালাস ফেডের প্রেসিডেন্ট লরি লোগান বলেছেন, মূল্যস্ফীতি যদি কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশ লক্ষ্যমাত্রার দিকে না এগোয়, তবে কিছুটা কঠোর নীতি প্রয়োজন হতে পারে। ক্যানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ শ্মিড বলেছেন, মূল্যস্ফীতি এখনো অনেক বেশি।
জুন মাসে যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রি মাসভিত্তিক শূন্য দশমিক ২ শতাংশ বেড়েছে। ১১ জুলাই শেষ হওয়া সপ্তাহে প্রাথমিক বেকারত্ব ভাতার আবেদন কমে দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার। এই তথ্য অর্থনীতির স্থিতিস্থাপকতার ধারাবাহিকতার ইঙ্গিত দেয়।
যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার অপরিবর্তিত থেকে ৪ দশমিক ৫৫ শতাংশ ছিল। ডলার সূচক শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১০০ দশমিক ৮ পয়েন্টে পৌঁছেছে। ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে, যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক প্রবৃদ্ধির পথে রয়েছে।
তেলের দাম বৃদ্ধি এবং ডলারের চাহিদা বাড়ায় সৃষ্ট প্রভাবকে মধ্যপ্রাচ্যের সংঘাতকেন্দ্রিক নিরাপদ বিনিয়োগের চাহিদা কাটিয়ে দেয়ায় সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৯৭৬ ডলারে অপরিবর্তিত ছিল।
চিপ শেয়ারে দরপতন কোম্পানিগুলোর ভালো আয়ের সংবাদকে ম্লান করে দেয়ায় বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়।
দ্বিতীয় প্রান্তিকে মুনাফা ৭৭ দশমিক ৪ শতাংশ বাড়লেও তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) শেয়ারের দাম ২ দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটি নিজেদের ব্যয়ের পূর্বাভাস বাড়ানোর পরই এই দরপতন ঘটে। ইনটেলের দাম কমেছে ৫ দশমিক ৮ শতাংশ, মাইক্রন টেকনোলজির ৫ দশমিক ৭ শতাংশ, আর্ম হোল্ডিংসের ৫ দশমিক ৪ শতাংশ, এএমডির ৫ শতাংশ এবং ব্রডকমের ৫ শতাংশ।
জেমিনাই ৩.৫ প্রো এআই মডেলের উদ্বোধন বিলম্বিত করার খবরে অ্যালফাবেটের শেয়ারের দাম কমেছে ৪ দশমিক ৪ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে আয় ১৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ১২ দশমিক ৬ বিলিয়ন ডলার হওয়া সত্ত্বেও কার্যদিবস-পরবর্তী লেনদেনে নেটফ্লিক্সের দাম ৮ দশমিক ৯ শতাংশ কমেছে।
তেলের দাম বৃদ্ধির কারণে চলতি বছর জ্বালানি খরচ প্রায় ৬ বিলিয়ন ডলার বাড়তে পারে বলে সতর্ক করার পর ইউনাইটেড এয়ারলাইনসের শেয়ারের দাম ১ দশমিক ৮ শতাংশ কমেছে।
বৃহস্পতিবার ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ কমেছে শূন্য দশমিক ২ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ কমেছে শূন্য দশমিক ৫১ শতাংশ এবং নাসডাক কম্পোজিট কমেছে ১ দশমিক ৪৭ শতাংশ। শুক্রবার মার্কিন সূচকগুলো নিম্নমুখী অবস্থায় লেনদেন শুরু করে।
প্রত্যাশার চেয়ে দুর্বল কর্পোরেট আয় এবং এআইয়ের অতিরিক্ত মূল্যায়ন নিয়ে উদ্বেগের কারণে ইউরোপীয় বাজারও নিম্নমুখী ছিল। মে মাসে ইউরোজোনে ৮ দশমিক ৯ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি হয়েছে, যেখানে এক বছর আগে ১৭ দশমিক ১৫ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত ছিল।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের এফটিএসই ১০০ বেড়েছে শূন্য দশমিক ৫৪ শতাংশ। ফ্রান্সের সিএসি ৪০ কমেছে শূন্য দশমিক ০৫ শতাংশ, জার্মানির ড্যাক্স ৪০ কমেছে শূন্য দশমিক ৩৪ শতাংশ এবং ইতালির এফটিএসই এমআইবি কমেছে শূন্য দশমিক ০৭ শতাংশ।
শুক্রবার লেনদেন শেষে এশিয়ার বাজারগুলোতেও ব্যাপক দরপতন দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৬ দশমিক ৪ শতাংশ কমেছে। চীনের সাংহাই কম্পোজিট কমেছে ১ দশমিক ৬ শতাংশ এবং হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে ২ শতাংশ। ছুটির কারণে দক্ষিণ কোরিয়ার বাজার বন্ধ ছিল।





