গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর পাল্টা হামলা চালাচ্ছে, যা দেশ দুটির মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। মুজতবা খামেনি তার বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, চুক্তির শর্ত ভঙ্গ করে ওয়াশিংটন আবারও প্রমাণ করেছে যে ‘দাদাগিরি ও বর্বরতা’ মার্কিন পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ।
বিবৃতিতে খামেনি সতর্ক করে বলেন, ‘মার্কিন শত্রু যেহেতু এখন যুদ্ধ উসকে দিচ্ছে এবং আরও ভারী মূল্য চুকানো ও অপমানের পথে হাঁটছে, তাই তাদের জেনে রাখা উচিত যে ইরানের প্রিয় জাতি এবং প্রতিরোধ ফ্রন্ট তাদের জন্য অবিস্মরণীয় পাঠ তৈরি রেখেছে।’
আরও পড়ুন:
চলতি সপ্তাহে ইরানের সেতু, রেলপথ এবং পানি শোধন কেন্দ্রের মতো বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা জোরদার করেছে। এর জবাবে ইরান কুয়েতের বেসামরিক অবকাঠামোতে সফল হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। কুয়েত কর্তৃপক্ষ এরই মধ্যে জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে।
কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় গত মাসে সই হওয়া সমঝোতা স্মারকটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরি করা হলেও তেহরান ও ওয়াশিংটন একে অপরের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে চুক্তিটি ‘শেষ’ হয়ে গেছে বলে ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে খামেনি ইরানিদের প্রতি নেতৃত্বের ওপর আস্থা রাখা এবং সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে ইরানের মিত্র ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের বাব-এল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে, যা বিশ্ব জ্বালানি বাজারে নতুন অস্থিরতা তৈরি করতে পারে।





