ওয়াইল্ডবেরিসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান তাতিয়ানা কিম জানান, দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার ও নেভিনোমিস্ক শহরের গুদামে এই হামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে ক্রাসনোদারের ওই গুদাম থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। রয়টার্স ফুটেজটি যাচাই করেছে।
আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, এই হামলায় এক তরুণী নিহত হয়েছেন। আহত আরও তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। উল্লেখ্য, ইউক্রেন বলছে, তারা রুশ সামরিক বাহিনীকে সহায়তা করে এমন প্রতিষ্ঠান ও অবকাঠামোয় হামলা চালাচ্ছে।
ওয়াইল্ডবেরিসকে প্রায়ই ‘রাশিয়ার আমাজন’ বলে অভিহিত করা হয়। দেশটির সবচেয়ে বড় নিয়োগকর্তাদের মধ্যেও এটি অন্যতম। প্রতিষ্ঠানটির শেয়ার জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। তবে বুধবার দুপুরে এর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওজনের শেয়ারদর ২ দশমিক ৩ শতাংশ কমেছে। ওজনও হামলার লক্ষ্য হতে পারে এমন আশঙ্কাই এই দরপতনের কারণ। যদিও দিনের শুরুতে দরপতনের তুলনায় সেটি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।





