ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে ইতিবাচক বার্তা জেলেনস্কি ও নেতানিয়াহুর

নেতানিয়াহু, জেলেনস্কি ও ট্রাম্প
নেতানিয়াহু, জেলেনস্কি ও ট্রাম্প | ছবি : সংগৃহীত
0

বড় কোনো ঘোষণা ছাড়াই একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের ইতি টেনেছেন ট্রাম্প। দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলাদা আলাদা রুদ্ধদ্বার আলোচনার পর হোয়াইট হাউজ জানিয়েছে, বৈঠক ইতিবাচক এবং ফলপ্রসূ হয়েছে। জেলেনস্কির দাবি, আলোচনায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা- ‘প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর’ উৎপাদনের লাইসেন্স নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিপরীতে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলছেন, ট্রাম্পের সঙ্গে এটাই ছিলো তার এ যাবৎকালের সেরা বৈঠক।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল রোটুন্ডায় যখন প্রভাবশালী মার্কিন রাজনীতিবিদ ও সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষ বিদায় অনুষ্ঠানের তোড়জোর, তখন ভিন্ন আরেক কারণে সবার নজর হোয়াইট হাউজের দিকে। লিন্ডসে গ্রাহামকে সম্মান জানানোর ফাঁকে এদিন হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

একই দিনে দু'টি ভিন্ন অঞ্চলে যুদ্ধে জড়িত দুই মিত্রদেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ যেমন বিরল, তেমনি, গুরুত্বের বিচারেও এই সাক্ষাতের তাৎপর্যও অনেক। তাই শুরু থেকেই ভিন্ন ছিলো এ আয়োজন।

হোয়াইট হাউজে প্রবেশের সময় সাংবাদিকদের এতটুকুও সময় দেননি জেলেনস্কি আর নেতানিয়াহু। স্লাইড গেট হয়ে সরাসরি চলে গেছেন মূল ভেন্যু ওভাল অফিসে। দুই নেতার সঙ্গে আলাদা আলাদা রুদ্ধদ্বার বৈঠকে ছিল চূড়ান্ত গোপনীয়তা। যার স্থির ছবি প্রকাশ পেলেও আসেনি কোনো ভিডিও।

আরও পড়ুন:

বৈঠক শেষে এক্স বার্তায় হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠক ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। দাপ্তরিক এই বিবৃতি ছাড়া আর কোনো সুনির্দিষ্ট তথ্য আসেনি হোয়াইট হাউজ থেকে। তবে, জানা গেছে, বৈঠক শেষে লিন্ডসে গ্রাহামের শেষ বিদায় অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে যোগ দেন দুই রাষ্ট্রপ্রধানই।

এদিন, শুরুতে জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসেন ট্রাম্প। ইউক্রেনীয় প্রেসিডেন্টের টেলিগ্রাম পোস্টের ভিত্তিতে বিবিসি জানিয়েছে, আলোচনায় ইউক্রেনীয়দের সুরক্ষা, দ্বিপক্ষীয় সহায়তার দিকগুলো গুরুত্ব পেয়েছে। তবে বৈঠকের মূল এজেন্ডা ছিলো যুক্তরাষ্ট্র নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা- প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স। ন্যাটো শীর্ষ সম্মেলনের ইউক্রেনকে প্যাট্রিয়ট উৎপাদনের লাইসেন্স দেয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

এরপর ওভাল অফিসে পা রাখেন নেতানিয়াহু। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর বহুবার দুই নেতার সাক্ষাৎ হলেও ফেব্রুয়ারিতে ইরানে হামলা শুরুর পর এটাই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রীর বৈঠক। রুদ্ধদ্বার এই আলোচনার কেন্দ্র ইরান ইস্যু থাকলেও বৈঠকের ব্যাপারে সুনির্দিষ্ট কিছুই জানায়নি হোয়াইট হাউজ। আর আলোচনা শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলছেন, ট্রাম্পের সঙ্গে এটাই ছিলো তার এ যাবৎকালের সেরা বৈঠক।

এফএস