চুক্তিতে রাজি না হলে ইরানের শিরশ্ছেদ করা হবে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: রোলিং স্টোন
0

চুক্তিতে রাজি না হলে ইরানের শিরশ্ছেদ করা হবে। যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো আলোচনা চলছে না বলে তেহরানের দাবির প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে, ইরানের বন্দরগুলোতে নৌ- অবরোধ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের জাহাজ ও বাহিনীকে টার্গেট করার হুঁশিয়ারি দিয়েছেন শীর্ষ উপদেষ্টা মহসিন রেজাই। হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলের অস্থায়ী জলপথ নির্ধারণে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। চলমান যুদ্ধের সম্প্রসারণ চায় না বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

কখনও হরমুজের বাণিজ্যিক জাহাজগুলোর চলাচলের পথ নিয়ে বিতর্ক কিংবা কখনও তেহরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ; বিবাদমান বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র- ইরানের মতবিরোধে কাঙ্ক্ষিত শান্তিচুক্তি পরিণত হয়েছে সোনার হরিণে।

সোমবার চুক্তিতে পৌঁছাতে নতুন করে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র- ইরান ট্রাম্পের এমন দাবিকে প্রত্যাখ্যান করে দিয়ে তেহরান জানায়, ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই তাদের। এরপরই ট্রাম্পের ক্রমাগত রোষানলে ইরান। দাবি করেন, চুক্তি না করলে ইরানের শিরশ্ছেদ করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শিরশ্ছেদ আগে ইরানকে শেষ সুযোগ দিতে চাই। আমাদের বড় হামলার পরিকল্পনা আছে, কিন্তু এটা না করাই শ্রেয় মনে করছি। আশা করি তাদের হুঁশ ফিরবে। তবে তেহরান অস্বীকার করলেও তাদের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে।

এর আগে ইরানের কাছে চুক্তি কিংবা পূর্ণ আত্মসমর্পণ- এই দুটি পথ খোলা আছে বলে ট্রুথ সোশ্যাল বার্তায় হুঁশিয়ারি দেন ট্রাম্প। এছাড়াও ইরান দ্বিমুখী আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা দাবি উড়িয়ে দিলেও শিগগিরই প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানে উড়াল দেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সফরে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের কাছে আরাঘচি তেহরানের দাবি উত্থাপন করবেন বলে ধারণা করা হচ্ছে।

আর হরমুজের রুট বিতর্কের চূড়ান্ত সমাধান না আসা পর্যন্ত ওমানের সঙ্গে মিলে একটি অস্থায়ী জলপথ নির্ধারণের কথা ভাবছে ইরান। এ বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করেন ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইসমাইল বাঘাই। এছাড়াও, হরমুজে স্থিতিশীলতা আনতে যুক্তরাষ্ট্রকে নমনীয় আচরণের আহ্বানও জানান তিনি।

অন্যদিকে, হরমুজের কাছে একটি পণ্যবাহী জাহাজ প্রোজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক মেরিটাইম সংস্থা ইউকেএমটিও।

ইএ