ইসরাইলের বিমান হামলা, দক্ষিণ লেবাননে বাড়ছে উত্তেজনা

দক্ষিণ লেবাননের খিয়াম গ্রামে ইসরাইলি হামলা
দক্ষিণ লেবাননের খিয়াম গ্রামে ইসরাইলি হামলা | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ লেবাননের তায়ার জেলায় আল-মানসুরির সাম্প্রদায়িক জমিতে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, বিনত জবেইল জেলার হাদাথা শহরেও ইসরাইলি সামরিক বাহিনীর তৎপরতা দেখা গেছে। এ সময় শহরটির দিকে মেশিনগান থেকে গুলি ছোড়া হয়। একই সময়ে সেখানে একটি গোলার আঘাত হানে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রাম ও শহরে ইসরাইলি বাহিনীর বোমা হামলা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। স্থানীয় সময় মধ্যরাতের দিকে আল-মানসুরি এলাকার মাশা আল-মানসুরিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়। একই সময় সেখানে বিস্ফোরকভর্তি কনটেইনার ফেলা হয় বলে জানায় সংস্থাটি।

মাজদাল জাউন ও আল-মানসুরির উপকণ্ঠ এবং আশপাশের উপত্যকায় মেশিনগানের গুলির শব্দও শোনা গেছে। বেইত ইয়াহুন, হাদাথা ও কুনিনে একের পর এক বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব বিস্ফোরণের শব্দ উপকূলীয় কয়েকটি গ্রাম থেকেও শোনা যায়। এ সময় ইসরাইলি যুদ্ধবিমান ও ড্রোন আকাশে উড়ছিল।

জাতীয় সংবাদ সংস্থাটি জানায়, বিস্ফোরণের সঙ্গে বিন্ত জবেইল জেলার হাদাথার দিকে ইসরাইলি ট্যাংকের চলাচল ও অগ্রযাত্রাও দেখা গেছে।

এএম