২০০৯ সালে বার্লিন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে পুরুষদের ১০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়েছিলেন অলিম্পিক কিংবদন্তি উসাইন বোল্ট। আয়োজকেরা জানান, গেমসের দ্বিতীয় আসরের উদ্বোধনী দিনে ‘বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার’ নির্মিত তিয়ানগং আল্ট্রা প্রথম হয়ে ট্রায়াল শেষ করে।
ট্রায়ালে স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনারের তৈরি ‘লাইটনিং’ নামের আরেকটি রোবট সময় নেয় ৯.৪৭ সেকেন্ড, যা বোল্টের রেকর্ডের চেয়ে কম। তবে বিশ্ব রেকর্ড গড়লেও ফিনিশিং লাইনে বোল্টের মতো কোনো উদযাপন দেখাতে পারেনি রোবট দুটি। গতি সামলাতে না পেরে ফিনিশিং লাইনে রাখা মোটা ম্যাটে সোজাসুজি ধাক্কা খায় তারা। তিয়ানগং আল্ট্রা পাশে থাকা দর্শকদের দিকে ছিটকে পড়লে দ্রুত সরে যান দর্শকেরা। আর মাটিতে আছড়ে পড়ার পর লাইটনিংকে স্ট্রেচারে করে সরিয়ে নিতে হয়।
গত আসরের তুলনায় এবার রোবটের গতিতে বড় উন্নতি দেখা গেছে। গত বছর প্রথম আসরে তিয়ানগং আল্ট্রা ২১.৫০ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার জিতেছিল। এ বছর এর আগে বেইজিংয়ে আয়োজিত হিউম্যানয়েড রোবটের অর্ধ-ম্যারাথনেও চ্যাম্পিয়ন হয়েছিল তিয়ানগং। সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, মূল প্রতিযোগিতার আগে লাইটনিংয়ের পায়ের দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১.০৫ মিটার করা হয়েছিল।
চীন সরকার হিউম্যানয়েড রোবট প্রযুক্তিকে একটি উদীয়মান কৌশলগত খাত হিসেবে প্রাধান্য দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও হার্ডওয়্যারের অগ্রগতির মাধ্যমে কারখানা, লজিস্টিকস ও দৈনন্দিন ব্যবহারে রোবটের প্রয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বেইজিংয়ের। বিনিয়োগকারীদের আগ্রহের কারণে চলতি সপ্তাহে চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রির শেয়ার দর শেনঝেন শেয়ারবাজারে ৫ গুণ পর্যন্ত বাড়ে।
বেইজিংয়ের ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে আয়োজিত ৫ দিনব্যাপী এই রোবট প্রতিযোগিতায় বিশ্বের ১৬টি দেশের ৬৬৬টি দলের ২ হাজার৫৬টি রোবট অংশ নিচ্ছে।





