নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, উদ্ধারকাজে মোতায়েন ৫ হাজার সেনাসদস্য

ত্রিশূলীতে হেলিকপ্টারে তোলার জন্য এক বেঁচে যাওয়া ব্যক্তিকে বহন করছেন নেপালের সেনারা
ত্রিশূলীতে হেলিকপ্টারে তোলার জন্য এক বেঁচে যাওয়া ব্যক্তিকে বহন করছেন নেপালের সেনারা | ছবি: রয়টার্স
0

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে পর্বত থেকে বরফ ও পাথর ধসে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। এ ঘটনায় দেশি-বিদেশি মিলিয়ে দেড় হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এর মধ্যে নেপালের প্লাবিত এলাকা থেকে প্রায় ১০০ জন ভারতীয় পর্যটক এবং ২৫ জন চীনা শ্রমিককে উদ্ধার করার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যাকবলিত হিমালয় অঞ্চলে নিখোঁজ হওয়া ৫০০ জন পর্যটকের মধ্যে ২৯টি দেশের অন্তত ৪৭৬ জন বিদেশি নাগরিক রয়েছেন। এ ছাড়া চীনের তিব্বতের গিরোং কাউন্টিতে আরও ২৬০ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি। বন্যাকবলিত অঞ্চলে আরও প্রায় ১০০ জন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন বলে বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান।

বিভিন্ন দেশের নিখোঁজ পর্যটকের তালিকা

নেপাল সরকারের দেয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি নিখোঁজ রয়েছে প্রতিবেশী ভারতের ১৭৭ জন নাগরিক। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ৬৩ জন, ইউক্রেনের ৫৩ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন, ক্যানাডার ২৫ জন, প্রবাসি মালয়েশীয়দের তথ্য মিলিয়ে অন্তত ২৮ জন, দক্ষিণ কোরিয়ার ৯ জন, জার্মানির ৮ জন, দক্ষিণ আফ্রিকার ৬ জন, সিঙ্গাপুরের ৬ জন, রাশিয়ার ৫ জন, জাপানের ৫ জন এবং নিউজিল্যান্ডের ৫ জন নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ছাড়া বেলারুশ, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইসরাইল, কাজাখস্তান, লাতভিয়া, লিথুয়েনিয়া, নেদারল্যান্ডস, ফিলিপাইন, পর্তুগাল, স্পেন ও সুইডেনের নাগরিকেরা নিখোঁজ রয়েছেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং জানিয়েছেন, তাদের যে ৩৪ জন নাগরিক নিখোঁজ রয়েছেন, তারা পৃথক ধর্মীয় ও পর্যটক দলের অংশ ছিলেন। হিমালয়ান গ্লেসিয়ার নামের এক পর্যটন সংস্থার প্রধান নির্বাহী সাগর পান্ডে জানান, তাদের দলের ১৫ জন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক পবিত্র কৈলাশ পর্বত ও মানসরোবর হ্রদে তীর্থযাত্রায় গিয়ে নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশুও রয়েছে।

উদ্ধার অভিযান ও আন্তর্জাতিক সাহায্য

উদ্ধার কাজে নেপালের সেনাবাহিনী ও পুলিশের ৫ হাজারের বেশি সদস্য অংশ নিচ্ছেন। নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বসনেত জানান, বৃহস্পতিবার তারা এক দিনেই ১২৫ জনকে জীবিত উদ্ধার করেছেন, যাদের মধ্যে ২০ জন বিদেশি। দুর্গম ও ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে তাঁবু, খাবার ও ওষুধ ফেলা হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় নেপালে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে:

ভারত: তাঁবু, কম্বল, সৌরবাতি, হাইজিন কিট ও ওষুধসহ ১০ মেট্রিক টন জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত।

চীন: জরুরি ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা সমন্বয় করে পাঠাচ্ছে বেইজিং।

যুক্তরাষ্ট্র: একটি দুর্যোগ মোকাবিলা উপদেষ্টা দলের সঙ্গে ৫ লাখ ডলার আর্থিক সহায়তা ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ইউরোপীয় ইউনিয়ন: আরও সহায়তার প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

রেড ক্রস: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি নেপাল রেড ক্রসের জন্য ১২ লাখ ৪ু০ হাজার ডলার জরুরি তহবিল বরাদ্দ করেছে।

ডব্লিউএইচও: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি ওষুধ ও বহুমুখী তাঁবু সরবরাহ করেছে।

দক্ষিণ কোরিয়া: আটকে পড়া ও নিখোঁজ নাগরিকদের সহায়তায় পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রতিনিধিদল কাঠমান্ডুতে পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া।

এএম