নেপালে উদ্ধারকাজের পঞ্চম দিন, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

নেপালে উদ্ধার অভিযান চলছে
নেপালে উদ্ধার অভিযান চলছে | ছবি: সংগৃহীত
0

বিধ্বংসী ঢলের পর নেপাল-তিব্বত সীমান্তে উদ্ধারকাজ গড়ালো পঞ্চম দিনে। সময় গড়ানোর সাথে তীব্র হচ্ছে মৃত্যুর মিছিল দীর্ঘতর হওয়ার শঙ্কা। যদিও এ পর্যন্ত প্রায় সাত হাজার মানুষকে জীবিত উদ্ধারের কথা জানিয়েছে নেপালের দুর্যোগ প্রশমন সংস্থা।

বুধবারের আকস্মিক বন্যায় শনিবার রাত পর্যন্ত কমপক্ষে পৌনে ৭শ' মানুষের মৃত্যু আর আড়াই হাজার মানুষের নিখোঁজ সংবাদে স্তব্ধ হিমালয়কন্যা। অন্যদিকে, সীমান্তের ওপারে তিব্বতে সরকারি হিসাবে প্রাণহানি বেড়ে হয়েছে ১৬, নিখোঁজ সাড়ে ৫শ', বলছে চীনা গণমাধ্যম।

চীন সরকারের দিক থেকে তথ্যপ্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে তিব্বতে দুর্যোগের প্রকৃত পরিস্থিতি যাচাই করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বন্যার ফলে সৃষ্ট একটি হ্রদের পানি উপচে নতুন করে বন্যার ঝুঁকি আপাতত নেই, বলছে চীনা প্রশাসন। কমছে হ্রদটিতে পানির উচ্চতা।

অন্যদিকে, শক্তিশালী ঢল আর ধ্বংসস্তূপ ভেসে আসা দুই নদীর একটি, ভোটেকোশিতে আবারও স্রোত বাড়ছে বিপজ্জনকভাবে। বন্যা সতর্কতা জারি করে নদীর উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

ভয়াবহ দুর্যোগের জেরে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে নেপালের সামগ্রিক অর্থনীতির ১০ ভাগের এক ভাগ লেগে যেতে পারে, জানিয়েছে কাঠমান্ডু। অর্থের অঙ্কে এ সংখ্যা ৪শ' থেকে ৫শ' কোটি ডলার। দেশটির জন্য মানবিক সহায়তা পাঁচ লাখ ডলার থেকে বাড়িয়ে ৩৬ লাখ ডলার করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ৫০ লাখ ডলারের সহায়তা দেবে কানাডা।

ইএ