সুইজারল্যান্ডে বন্দুক হামলা: পার্টিতে গুলিতে নিহত ১, হামলাকারী পলাতক

সুইজারল্যান্ডে বন্দুক হামলা: পার্টিতে গুলিতে নিহত ১, হামলাকারী পলাতক
সুইজারল্যান্ডে বন্দুক হামলা: পার্টিতে গুলিতে নিহত ১, হামলাকারী পলাতক | ছবি: রয়টার্স
0

সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলে একটি উন্মুক্ত সঙ্গীতানুষ্ঠানে (রেভ পার্টি) বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় আজ (রোববার, ৩০ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশটির আরগাউ ক্যান্টনাল পুলিশ জানিয়েছে, হামলাকারীকে ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। ঘটনার কোনো ভিডিও বা ছবি থাকলে তা জমা দেয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ব্লিক জানিয়েছে, একটি ঘোড়দৌড়ের মাঠে আয়োজিত পার্টিতে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ধারণ করা একটি ভিডিওতে টানা কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

ঘটনার পর পুলিশ আরউ শহরের বড় অংশ ঘিরে রেখেছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ডে ব্যক্তিপর্যায়ে বৈধ অস্ত্র রাখার হার অন্যতম সর্বোচ্চ হলেও দেশটিতে বন্দুক হামলার ঘটনা তুলনামূলক বিরল। ২০১৯ সালে সেখানে অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন আরও কঠোর করা হয়।

এএম