ইরান যুদ্ধকে ‘ছোট বিষয়’ হিসেবে আখ্যা ট্রাম্পের; সমালোচনা এড়াতেই কি নতুন রূপক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: রয়টার্স
0

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান যুদ্ধ সাত মাসে পড়ার পরও এই সামরিক সংঘাতকে গুরুত্বহীন হিসেবে দেখানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, ১৮ জন মার্কিন সামরিক সদস্যের প্রাণহানি এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘটানো এই সংঘাত মূলত একটি ‘ছোট বিষয়’।

তিনি বলেন, ‘এটি কোনো বড় বিষয় নয়।’ এই সামরিক পদক্ষেপের সঙ্গে অন্যান্য অভিযানের তুলনা করে ট্রাম্প বলেন, ‘আমরা ভেনিজুয়েলায় অভিযান চালিয়েছি, আবার এখানেও করেছি। ভেনিজুয়েলায় আমাদের কেউ মারা যায়নি, আর এতে ১৮ জন মারা গেছেন।’

এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছিলেন যে দুই দেশের মধ্যে বর্তমানে কোনো সক্রিয় যুদ্ধ বা গোলাগুলি চলছে না। ভ্যান্সের সেই মন্তব্যের সমর্থনে ট্রাম্প বলেন, এ লড়াইকে তিনি ‘সামরিক সংঘাত’ বলতে চান। ট্রাম্পের দাবি, ‘আমরা এখন যুদ্ধ করছি না। এখন কোনো লড়াই হচ্ছে না। আমরা কেবল মাঝে মাঝে হামলা চালাই। আমরা তাদের প্রচুর তেল আটকে দিয়েছি এবং হরমুজ প্রণালি শক্তভাবে নিয়ন্ত্রণ করছি।’

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ‘যুদ্ধ’ শব্দটি এড়িয়ে চলতে ‘ছোটখাটো সংঘর্ষ’ বা ‘ছোট সফর’ এর মতো বিভিন্ন শব্দ ব্যবহার করে আসছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, ডেমোক্র্যাট ও সাধারণ মানুষের কড়া সমালোচনা এড়াতেই পরিকল্পিতভাবে এই কৌশল নেয়া হয়েছে। মার্কিন সংবিধানে কেবল কংগ্রেসকে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দেয়া হলেও কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই সামরিক হামলা চালায় ট্রাম্প প্রশাসন।

রয়টার্স/ইপসোস পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের ওপর এই সামরিক হামলার বিপক্ষে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন যত এগিয়ে আসছে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ কমাতে ট্রাম্প যুদ্ধের ভয়াবহতা আড়াল করার চেষ্টা করছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে সংঘাতকে ছোট করে দেখালেও ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে খুব শিগগিরই নতুন করে হামলার ইঙ্গিত দিয়ে রেখেছেন ট্রাম্প।

এএম