বছরের সপ্তম টাইফুন-সদেলের প্রভাবে চীনের পূর্বাঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত। জিয়াংশি প্রদেশে জোরদার গতিতে চলছে উদ্ধারকাজ। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয় সাড়ে পাঁচ হাজার মানুষকে।
প্রতিবেশী ভারতে টানা তৃতীয়দিনের মতো অবিরাম বৃষ্টি ঝড়ছে রাজধানী দিল্লিতে। রোববার মাত্র এক ঘণ্টায় ৩৬ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে যায় গুরুগ্রাম এলাকা। দেখা দেয় তীব্র যানজট।
সোমবার থেকে পূর্ব, দক্ষিণপূর্ব ও উত্তরপূর্বাঞ্চলসহ সারা ভারতে বৃষ্টি বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। বিহার, আসাম, নাগাল্যান্ড, সিকিম, দিল্লি আর উত্তর প্রদেশে জারি করা হয়েছে সর্বোচ্চ হলুদ সতর্কতা ইয়েলো অ্যালার্ট। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখান্ড, পাঞ্জাব, রাজস্থান ও মধ্য প্রদেশে।
ভারতের আবহাওয়াবিদ নরেশ যাদব বলেন, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্য প্রদেশ আর সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব ও উত্তরপূর্বের দিকে সরে যেতে পারে নিম্নচাপটি।
এদিকে, পূর্বের বিহার রাজ্যে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত ১১ জেলার ১৭ লাখ বাসিন্দা। বন্যা চলছে উত্তর প্রদেশের ২৬ জেলায়। বিপদসীমার উপরে গঙ্গা নদীর পানি। বন্যার পানিতে তলিয়ে গেছে ভারানসি, প্রয়াগরাজ, কানপুর, অযোধ্যাসহ উত্তর প্রদেশের ২৬ জেলা। এছাড়া, টানা বৃষ্টিতে পানি বেড়ে চলায় রাজস্থানে কাকুন্দ নদীতে একটি বাঁধের দু'টি গেট খুলে দেয়া হয়েছে।
দক্ষিণপূর্বে অরুণাচল, নাগাল্যান্ড, মনিপুর এবং বাংলাদেশে সীমান্তবর্তী পাঁচ রাজ্য- পশ্চিমবঙ্গ-আসাম-মেঘালয়-মিজোরাম-ত্রিপুরায় রয়েছে ভারী বৃষ্টির আভাস। নিম্নচাপের প্রভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়া জারি থাকবে আগামী শুক্রবার পর্যন্ত।
অন্যদিকে, ভারী বৃষ্টি আর বন্যায় মানবিক সংকট আরও তীব্র হয়েছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে। ৭০-এর বেশি প্রাণহানি আর আট হাজারের বেশি পরিবার আশ্রয়হীন হওয়ার পরও থামছে না বর্ষার দাপট।
আবহাওয়া বিশেষজ্ঞ আদনান আল-শাওয়াফি বলেন, আরও কয়েক দফা বৃষ্টি ধেয়ে আসছে, যদিও বর্ষার শেষ দিকে এমন আবহাওয়া স্বাভাবিক। আকস্মিক বন্যা বজ্রপাতের ঝুঁকির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে।
হারিকেন লোয়েল, হারিকেন মেরি আর কারিনা নামের আরেকটি মৌসুমি ঝড়ের প্রভাবে উত্তাল প্রশান্ত মহাসাগর। দু'টি হারিকেন সরাসরি আঘাত না হানলেও ঝড়বৃষ্টির কবলে পড়তে পারে হাওয়াই আর ক্যালিফোর্নিয়া। মেরির প্রভাবে নিউ পোর্ট সৈকতে আছড়ে পড়তে শুরু করেছে বিশাল বিশাল ঢেউ।





