দুই দিনের সফরে গ্রিনল্যান্ডে ইউরোপীয় কমিশনপ্রধান; আর্কটিক অঞ্চলে সম্পর্ক জোরদারের উদ্যোগ

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন | ছবি: রয়টার্স
0

আর্কটিক অঞ্চলে উপস্থিতি ও সম্পর্ক জোরদারের লক্ষ্যে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে দুই দিনের সফরে গেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) শুরু হওয়া এ সফরে আগামীকাল সোমবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও গ্রিনল্যান্ডের মধ্যে একটি যৌথ ঘোষণাপত্র সই হওয়ার কথা রয়েছে।

কৌশলগত ভূরাজনৈতিক অবস্থান এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের কারণে গ্রিনল্যান্ডকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন চাপের মুখে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের প্রতি সংহতি প্রকাশ করেছে ইউরোপীয় দেশগুলো। এর অংশ হিসেবে গ্রিনল্যান্ডের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নিয়েছে ইইউ।

গ্রিনল্যান্ডের জন্য ২০২৮ থেকে ২০৩৪ মেয়াদের বাজেটে সহায়তার পরিমাণ দ্বিগুণ করে ৫৩ কোটি ইউরো করার প্রস্তাব দিয়েছে ব্রাসেলস। সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, চলমান সফরে ভন ডার লিয়েন গ্রিনল্যান্ডের জন্য অতিরিক্ত আরও ২০ কোটি ইউরো সহায়তা ঘোষণা করতে পারেন।

উরসুলা ভন ডার লিয়েনের এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ১০টি দেশের অংশগ্রহণে ওই অঞ্চলে ন্যাটোর আর্কটিক শিল্ড সামরিক মহড়া শুরু হয়েছে। অন্যদিকে, ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা অবহেলা করছে অভিযোগ তুলে সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা অব্যাহত রেখেছে ওয়াশিংটন। সম্প্রতি একটি মার্কিন প্রতিষ্ঠানের তেল অনুসন্ধানের উদ্যোগ ঘিরেও দ্বীপটিতে অসন্তোষ তৈরি হয়েছে।

গ্রিনল্যান্ডের প্রচুর খনিজ সম্ভাবনা থাকলেও বর্তমানে মাত্র দুটি খনি কার্যকর রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, ডেনমার্ক থেকে স্বাধীনতা অর্জনের আর্থিক সামর্থ্য অর্জনে গ্রিনল্যান্ডের যেমন বিনিয়োগ প্রয়োজন, তেমনি ইউরোপেরও বিকল্প উৎস থেকে খনিজ কাঁচামাল সংগ্রহ জরুরি। সফরকালে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেন ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে বৈঠক করবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট।

এএম