মধ্যবর্তী নির্বাচনের আগে বিচারক নিয়োগে ট্রাম্পের তোড়জোড়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সিএনএন
0

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় ফেডারেল আদালতে বিচারক নিয়োগে তাড়াহুড়ো শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের হাতে থাকা সিনেটের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে না পারলে নতুন বিচারক নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত আগস্টে সিনেটের ছুটির সময় ট্রাম্প ১৩ জন নতুন বিচারক মনোনীত করেন। এর মধ্যে ছয়জনের শুনানি বুধবার সিনেটের জুডিশিয়ারি কমিটিতে অনুষ্ঠিত হবে। আরও পাঁচজনের মনোনয়ন পূর্ণাঙ্গ সিনেটে বিবেচনাধীন রয়েছে। বর্তমানে সিনেটে রিপাবলিকানদের ৫৩-৪৭ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে আগামী বছর থেকে ট্রাম্পের বিচারক নিয়োগের সুযোগ প্রায় শেষ হয়ে যাবে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে এখন পর্যন্ত ৫৪ জন বিচারক নিয়োগ নিশ্চিত করেছেন ট্রাম্প। প্রথম মেয়াদে তিনি ২৩৪ জন বিচারক নিয়োগ করেছিলেন। দুই মেয়াদে মিলে মার্কিন ফেডারেল আদালতের প্রায় এক-তৃতীয়াংশ বিচারকই এখন ট্রাম্পের মনোনীত। এসব বিচারক আদালতকে আরও রক্ষণশীল করে তুলেছেন।

বুধবারের শুনানিতে উল্লেখযোগ্য মনোনীতদের মধ্যে রয়েছেন ওকলাহোমার জ্যাক ওয়েস্ট এবং আরকানসাসের বিচারক লি রুডোফস্কি। রুডোফস্কিকে অষ্টম সার্কিট কোর্ট অব অ্যাপিলসে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। নিশ্চিত হলে এটিই হবে ট্রাম্পের মনোনীত বিচারকদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্রথম ফেডারেল আপিল আদালত।

ডেমোক্র্যাটরা অভিযোগ করছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মনোনয়নগুলোতে যোগ্যতার চেয়ে ব্যক্তিগত আনুগত্যকেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে। তবে হোয়াইট হাউস দাবি করেছে, সব মনোনীত ব্যক্তিই কঠোর যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে এসেছেন এবং সংবিধান ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল।

এএম