সেপ্টেম্বরের শেষে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্ধারিত বৈঠকের আগেই চীন-ইরান কূটনৈতিক তৎপরতা শুরু হচ্ছে। যুদ্ধ শুরুর পর দ্বিতীয় চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বুধবার দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন আব্বাস আরাঘচি। এক দিনের এ সফরে চলমান রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পাবে।
এর মধ্যেই অ্যাক্সিওস জানিয়েছে, ইরান যুদ্ধ নিয়ে জার্মানিতে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও বেশ কয়েকটি আরব দেশের শীর্ষ সামরিক কমান্ডার। প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই আয়োজন করেছিলেন। তবে অংশগ্রহণকারী কোনো দেশই এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
আরও পড়ুন:
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, কেশম দ্বীপ এবং হরমুজ প্রণালির আশপাশের এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ রিপার ড্রোনসহ একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে ইরানের এই দাবি নিশ্চিত করা হয়নি। এছাড়া কেশম দ্বীপে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা।
মার্কিন আল উদেদ বিমান ঘাঁটিতে চালানো এক অভিযান থেকে আটক তিন ইরানী পাইলটের সম্পর্কে কাতারের জবাবদিহির দাবি করেছে ইরান। দেশটির বিমান বাহিনীর উপ-সমন্বয়ক মাসুদ জাফারি জানান, কাতারের মার্কিন ঘাঁটি থেকে তিন ইরানি পাইলটকে বন্দি করে রাখা হয়েছে। কাতার সরকার এখনও এ বিষয়টি স্পষ্ট করেনি।
এই যখন পরিস্থিতি তখন, ইরান যুদ্ধ শেষ করতে ট্রাম্পের ক্ষমতা কমানোর পক্ষে তৃতীয়বারের মতো ভোট দিল মার্কিন হাউস। যার মূল লক্ষ্য, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্পের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ক্ষমতা কমানো। এতে ডেমোক্র্যাটদের সঙ্গে বেশ কয়েকজন রিপাবলিকানও যোগ দেন।
আরও পড়ুন:
এছাড়া এদিন যুদ্ধক্ষমতা আইন লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করা হয় প্রতিনিধি পরিষদে।
কেন্টাকির মার্কিন প্রতিনিধি টমাস ম্যাসি বলেন, ‘গুরুতর অপরাধ ও অসদাচরণের জন্য প্রতিরক্ষা সচিব পিটার ব্রায়ান হেগসেথকে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করছি। তার অভিশংসনের নিম্নলিখিত ধারাগুলো যুক্তরাষ্ট্রের সিনেটে পেশ করা হবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ নিজের ও যুক্তরাষ্ট্রের জনগণের নামে, প্রতিরক্ষা সচিব পিটার ব্রায়ান হেগসেথের বিরুদ্ধে পেশকৃত অভিশংসনের ধারা ও গুরুতর অপরাধ ও অসদাচরণের জন্য এই অভিশংসন প্রস্তাব সমর্থন ও রক্ষণাবেক্ষণ করে।’
এদিকে সিবিএস নিউজ সৌদি আরব ও কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির কিছু নতুন ছবি প্রকাশ করেছে। যার মধ্যে বিধ্বস্ত ভবন, যানবাহন এবং ক্ষতিগ্রস্ত বিমানও রয়েছে। সিবিএস নিউজ জানিয়েছে, বিধিনিষেধের কারণে নাম প্রকাশ না করার শর্তে সেখানে কর্মরত সেনা সদস্যরা ছবিগুলো সরবরাহ করেছেন।



