ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: যুদ্ধবিরতির আভাস, সমঝোতা বাস্তবায়নে অনড় তেহরান

যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা | ছবি: সংগৃহীত
0

ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ বন্ধের আভাস একটি মার্কিন ন্যারেটিভ মাত্র। বাস্তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা আলোচনার পরিবর্তে জুনে স্বাক্ষর হওয়া সমঝোতা স্মারকের প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় তেহরান। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এছাড়াও, বিশ্লেষকদের প্রত্যাশা, ওয়াশিংটন- তেহরান সংঘাত দীর্ঘায়িত হওয়ায় ও সংকট বাড়তে থাকায়; এটি নিরসনে শক্ত মধ্যস্ততাকারী হিসেবে এগিয়ে আসবে চীন।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের শঙ্কা আর লোহিত সাগরে হুথিদের আগ্রাসনের জেরে যখন শতকের গণ্ডি পেরিয়েছে ব্যারেলপ্রতি জ্বালানির দাম; তখন ইরান যুদ্ধ নিয়ে নমনীয়তার সুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে।

যেখানে বারবার ইরানের সরকারি- বেসরকারি স্থাপনাকে গুঁড়িয়ে দেয়ার হুমকি দেন ট্রাম্প; সেই তিনিই আভাস দিলেন শেষের পথে প্রায় সাত মাসের ইরান যুদ্ধ। দাবি করলেন, যুদ্ধবিরতির বিষয়ে সরাসরি ইরানের সঙ্গে আলোচনা হয়েছে তারা। এছাড়াও, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ইরানের যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

তবে কি সত্যিই ইতি ঘটছে ইরান যুদ্ধের? ট্রাম্পের যুদ্ধ বন্ধের আভাসের পর; চারিদিকে ঘুরপাক খাচ্ছে এই একটি প্রশ্ন। তবে ট্রাম্পের এমন বক্তব্যে তৃপ্তির ঢেকুর ফেলতে পারছেন না বিশ্লেষকরা। তাদের অভিমত, এটি নতুন কিছু নয়। বরং একটি মার্কিন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন ট্রাম্প। যেখানে দাবি করা হচ্ছে ইরানিরা চুক্তিতে আগ্রহী। তারাই যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে এবং বৈঠকের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন:

এছাড়াও, সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে ইরানের শীর্ষ নেতৃত্বের বক্তব্য পর্যালোচনা করে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা আলোচনার পরিবর্তে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন চায় তেহরান। এরই মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই সাফ জানিয়েছেন, ইরানের দেয়া শর্ত যুক্তরাষ্ট্র না মানলে নতুন দফায় কোনো আলোচনা হয়।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা আলোচনার বিষয়ে তেহরান নিজেদের অবস্থান স্পষ্ট না করলেও, সংঘাত নিরসনে মিত্রদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র। বেইজিংয়ে চীনের শীর্ষ কূটনৈতিক ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধান মধ্যস্ততাকারী দেশ পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনিরের সঙ্গেও ফোনে কথা বলেছেন আব্বাস আরাঘচি। দুই আলোচনাতেই একটি বিষয় স্পষ্ট ইরান যুদ্ধবিরতি।

এদিকে, ব্রিকসসহ সাম্প্রতিক বিদেশ সফরগুলোতে ইরান যুদ্ধের নিরসন নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অবস্থানকে ইতিবাচক মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ভূ-রাজনৈতিক অস্থিরতার এই সময়ে আন্তর্জাতিক বিষয়ে চীনের ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইরান যুদ্ধের জেরে বিশ্বে জ্বালানিসহ বিভিন্ন খাতে অস্থিরতা বাড়তে থাকায়; এটি নিরসনে শক্ত মধ্যস্থতাকারী হিসেবে চীনকে এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের।

এফএস