এআই ভীতিকে ‘গুজব’ উড়িয়ে নতুন ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: এবিসি নিউজ
0

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশ নিয়ে সিলিকন ভ্যালিসহ বিশ্বজুড়ে উদ্বেগ বাড়তে থাকার মধ্যেই এ খাতের তদারকিতে নতুন ‘এআই ফোর্স’ বা বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে খুব শিগগিরই একজন এআইবিষয়ক ‘জার’ বা নীতি-নির্ধারক নিয়োগের কথা জানিয়েছেন তিনি। তবে এআই প্রযুক্তি মানবজাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে—এমন নিরাপত্তাসংক্রান্ত আশঙ্কাকে আবারও ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। এবিসির নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, এআই শিল্পের প্রসারকে কোনোভাবেই বাধাগ্রস্ত বা সীমিত করা হবে না। মার্কিন প্রশাসন এই প্রযুক্তিকে লালন করবে এবং এর বিকাশে সহায়তা করবে। তবে প্রযুক্তির ক্ষতিকর দিকগুলো ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র নতুন এই এআই ফোর্স গঠন করবে, যা তাঁর প্রথম মেয়াদে তৈরি করা ‘স্পেস ফোর্সের’ আদলে কাজ করবে।

ট্রাম্প দাবি করেন, এআইয়ের অপব্যবহার রোখার জন্য নতুন কোনো আইন বা কঠোর নিয়মনীতির প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের বিদ্যমান দেওয়ানি ও ফৌজদারি বিচার ব্যবস্থার মাধ্যমেই অপরাধমূলক কর্মকাণ্ড চিহ্নিত করা সম্ভব বলে মনে করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট এমন এক সময়ে এই ঘোষণা দিলেন, যখন এআই খাতের শীর্ষ প্রযুক্তি নির্বাহীরাই এর গতি কমানোর কথা বলছেন। সম্প্রতি অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও অ্যামোদি এবং ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান প্রযুক্তিটির অনাকাঙ্ক্ষিত অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গবেষণার গতি ধীর করার আহ্বান জানান। ট্রাম্প তাদের এই উদ্বেগকে উদ্দেশ্যপ্রণোদিত ‘গুজব’ বলে আখ্যায়িত করেন।

এএম