হরমুজ প্রণালি ও ইউক্রেন সংকট: যৌথ পদক্ষেপের ঘোষণা ম্যাক্রোঁ ও ট্রাম্পের

ফ্র্যান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
ফ্র্যান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিতে বিদ্যমান উত্তেজনা কমানো এবং ইউক্রেনের বেসামরিক স্থাপনা রক্ষায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যৌথ পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ কথা জানান। জার্মান প্রেস এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা এবং হরমুজ প্রণালিতে মুক্তভাবে জাহাজ চলাচল সুনিশ্চিত করার পাশাপাশি বিশ্ব জ্বালানি বাজারের উত্তেজনা কমাতে যৌথ পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ইউক্রেন পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট জানান, দুই দেশ ইউক্রেনের জ্বালানি ও বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে একটি সাময়িক স্থগিতাদেশ অর্জনে একসঙ্গে কাজ করবে। তিনি আরও বলেন, ‘বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে হবে এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তির শর্তগুলো নিয়ে যত দ্রুত সম্ভব গুরুত্বের সঙ্গে আলোচনা শুরু করতে হবে।’

তবে মধ্যপ্রাচ্য বা ইউক্রেন সংকট নিরসনে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ঠিক কী ধরনের সুনির্দিষ্ট ব্যবস্থা নেবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ম্যাক্রোঁ। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্প ও ইমানুয়েল ম্যাক্রোঁর।

এএম