নিউ ইয়র্কে মধ্যস্থতাকারীদের মুখোমুখি আরাঘচি; পরমাণু ইস্যু না মেটালে চুক্তি নয়

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি | ছবি: সংগৃহীত
0

কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় চালুর প্রস্তাব নিয়ে নিউ ইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে, তেহরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত না করা পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো চুক্তি হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে আব্বাস আরাঘচি জানান, কাতারের প্রতিনিধিরা বৈঠকে আলোচিত দৃষ্টিভঙ্গি ও সমাধানগুলো মার্কিন পক্ষের কাছে পৌঁছে দেবেন। তিনি আশা করছেন মঙ্গলবার নাগাদ ওয়াশিংটনের চূড়ান্ত মতামত পাওয়া যাবে। তবে জবাবের অপেক্ষায় না থেকে তিনি তেহরানে ফিরে যাচ্ছেন বলে জানান।

এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ঘোষিত পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকে ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্তি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বন্দরগুলোতে নৌ-অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। এসব শর্ত চার বা পাঁচ দিনের মধ্যে পূরণ করা হলে সপ্তম দিন থেকে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর কথা বলা হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এই প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে নাকচ করে দেন।

এক মার্কিন কর্মকর্তা জানান, কাতারিদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা ‘ইতিবাচক ও গঠনমূলক’ হলেও পারমাণবিক ইস্যুতে স্পষ্ট অগ্রগতি ছাড়া কোনো সমঝোতা হবে না। তিনি উল্লেখ করেন, ইরান এই ইস্যুতে নমনীয়তা দেখানোর ইঙ্গিত দিলেও, কোন পক্ষ আগে পদক্ষেপ নেবে তা নিয়ে উভয় দেশের মধ্যে দূরত্ব রয়ে গেছে।

এদিকে ওয়াশিংটন জয়ী হবে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেন, ‘আমরা জিততে যাচ্ছি। এটি বেশ দ্রুত ঘটবে।’

অন্যদিকে তেহরানে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন সামরিক কর্মকর্তারা। ইরানের সেনাপ্রধানের স্থলাভিষিক্ত মেজর জেনারেল আলী আবদুল্লাহি সতর্ক করে বলেছেন, দেশটির ওপর যেকোনো হুমকির ‘চূড়ান্ত ও বিধ্বংসী’ জবাব দেওয়া হবে। একই সঙ্গে রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি জোর দিয়ে বলেন, কৌশলগত হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং শত্রুবাহিনীর প্রবেশ ঠেকাতে প্রস্তুত রয়েছে ইরানি বাহিনী।

এএম