মাঝআকাশে পাইলটকে ছুরিকাঘাত; সৌদি আরবে বিমানের জরুরি অবতরণ

দ্য ফ্লাইদুবাই প্লেইন
দ্য ফ্লাইদুবাই প্লেইন | ছবি: সংগৃহীত
0

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে পাইলটদের মধ্যে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এর জেরে উড়োজাহাজটিকে গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। উড়োজাহাজে থাকা প্রায় ১৫০ যাত্রীর সবাই নিরাপদে রয়েছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শী যাত্রীদের বরাতে জানা গেছে, উড়োজাহাজটি উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর ককপিটে পাইলট ও কো-পাইলটের মধ্যে তীব্র বিরোধ বাধে। একপর্যায়ে এক পাইলট অপর পাইলটকে ছুরি দিয়ে আঘাত করেন। তখন ক্রুরা ককপিট থেকে বের হয়ে যাত্রীদের সহায়তা চান। যাত্রীরা এগিয়ে গিয়ে হামলাকারী পাইলটকে জাপটে ধরে বেঁধে ফেলেন। একই ফ্লাইটে যাত্রী হিসেবে পেছনের আসনে থাকা অন্য দুই পাইলট দ্রুত ককপিটে গিয়ে উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেন। উড়োজাহাজে থাকা এক দন্তচিকিৎসক আহত পাইলটকে জরুরি চিকিৎসাসেবা দেন।

এক নারী যাত্রী ইসরাইলি সংবাদমাধ্যমকে বলেন, ‘ককপিটে মারামারির সময় উড়োজাহাজটি তীব্র গতিতে নিচের দিকে নামতে থাকলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চারপাশে তখন রক্ত দেখা গেছে।’ ইসরাইলি এক কর্মকর্তা চ্যানেল ১২-কে বলেন, ‘একটি বড় ধরনের দুর্যোগ থেকে উড়োজাহাজটি রক্ষা পেয়েছে।’

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ঘটনার সময় উড়োজাহাজটি দুই মিনিটেরও কম সময়ে প্রায় ১৭ হাজার ফুট (৫ হাজার ২০০ মিটার) নিচে নেমে যায়। প্রথমে উড়োজাহাজটি থেকে সাধারণ জরুরি সংকেত পাঠানো হয়েছিল। কয়েক মিনিট পর সেটি পরিবর্তন করে উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত দেয়া হয়। তবে কিছু সময় পর আবার সাধারণ জরুরি সংকেতে ফিরে আসে উড়োজাহাজটি।

সৌদি আরবের তাবুক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দুজনই আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা কীভাবে আহত হয়েছেন, সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি।

ফ্লাইদুবাই এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তাদের ফ্লাইটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তবে সব যাত্রী নিরাপদ আছেন। যাত্রীদের তেল আবিবে পৌঁছে দিতে দুবাই থেকে একটি বিকল্প উড়োজাহাজ সৌদি আরবে পাঠানো হয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

এএম