ব্রাজিলে সাধারণ নির্বাচন: ডানপন্থিদের ‘উত্থানে’ পিছিয়ে পড়ছেন লুলা!

ব্রাজিলে সাধারণ নির্বাচনে এগিয়ে ফ্লাভিও বলসোনারো
ব্রাজিলে সাধারণ নির্বাচনে এগিয়ে ফ্লাভিও বলসোনারো | ছবি: সংগৃহীত
0

ফের ডানপন্থিদের উত্থান ঘটছে ব্রাজিলে। প্রথম দফা সাধারণ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে পেছনে ফেলে এগিয়ে ডানপন্থি ফ্লাভিও বলসোনারো। ঝুলিতে পুড়েছেন ৪৭ শতাংশ ভোট। তবে প্রথম দফায় নির্ধারিত ৫০ শতাংশ ভোটের সীমা পূরণ করতে না পারায় আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফা ভোটে লড়বেন ফ্লাভিও-লুলা।

অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন ও বৈশ্বিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্যের কারণে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের সাধারণ নির্বাচন বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু বিশ্ব গণমাধ্যমের চোখে ।

শুরু থেকেই বিশ্লেষকদের আভাস ছিলো, এবারের নির্বাচনে বর্তমান বামপন্থি প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে ট্রাম্পঘেঁষা ও উগ্র-ডানপন্থি হিসেবে পরিচিত ফ্লাভিও বলসোনারোর।

রোববারের সাধারণ নির্বাচনের প্রথম দফার ভোট গণণা শেষে সত্যি হলো বিশ্লেষকদের অনুমান। ৯৯ শতাংশ গণনা শেষে প্রায় ২ শতাংশ ভোটের ব্যবধানে লুলাকে পেছনে ফেলে এগিয়ে ফ্লাভিও। ঝুলিতে পুড়েছেন ৪৭ দশমিক ৩ শতাংশ ভোট। আর লুলা পেয়েছেন ৪৫ দশমিক এক ছয় শতাংশ ভোট।

ফলাফলে ফ্লাভিও এগিয়ে থাকায় ভোটকেন্দ্রের সামনে উচ্ছ্বাস প্রকাশ করেন তার সমর্থকরা। এক সমর্থক বলেন, ‘দেশে পরিবর্তনের সময় এসেছে। আর সহ্য করা যাচ্ছে না। ব্রাজিলের উন্নয়নে ফ্লাভিওর মতো রাজনীতিবিদদের প্রয়োজন।’

আরেক সমর্থক বলেন, ‘আমি ফ্লাভিওকে ভোট দিয়েছি। কারণ সবদিক থেকেই তিনি দেশকে এগিয়ে নিতে পারবেন।’

আরও পড়ুন:

তবে প্রথম দফা ভোটের ফলাফলে ফ্লাভিও নির্ধারিত ৫০ শতাংশের সীমা পূরণ করতে না পারায় দ্বিতীয় দফায় গড়াতে যাচ্ছে সাধারণ নির্বাচন। আগামী ২৫ অক্টোবর ব্রাজিলে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোটগ্রহণ।

বিবিসি বলছে, প্রত্যাশার চেয়েও বেশি ভোট পেয়েছেন ফ্লাভিও। প্রথম দফার ফলে তার রাজনৈতিক দল লিবারেল পার্টি থেকে সবচেয়ে বেশি গভর্নর ও সিনেটর নির্বাচিত হওয়ায়, কংগ্রেসে শক্ত অবস্থানে থাকবে ফ্লাভিও বলসোনারোর।

এদিকে, প্রথম দফা ফলাফলে লুলা দ্যা সিলভা পিছিয়ে পড়ায় বিচলিত তার সমর্থকরা। এক সমর্থক বলেন, ‘এমন ফলাফল আশা করি নি। লুলা দা সিলভাকে এমন একজনের সঙ্গে দ্বিতীয় দফায় লড়বেন যিনি যুক্তরাষ্ট্রের কাছে দায়বদ্ধ। যার দেশের ক্ষতি করার পরিকল্পনা আছে।’

সামরিক অভ্যুত্থানের চেষ্টার অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো। জেইর বিচার চলাকালীন সময়ে বেশ কয়েকবার তা বন্ধের আহ্বান জানিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি জেইরের বিচার প্রক্রিয়া চলমান রাখায় ব্রাজিলের ওপর অতিরিক্ত শুল্কও বসান ট্রাম্প।

এসব কারণে বিশ্লেষকরা বলছেন, লুলার শাসনামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের কূটনৈতিক সম্পর্কের যে ছেদ পড়েছে, তার বরফ গলবে ফ্লাভিওর উত্থানের মাধ্যমে।

এছাড়াও, লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতে ডানপন্থি প্রেসিডেন্ট থাকায় ফ্লাভিও নির্বাচিত হলে এই অঞ্চলে নিজেদের প্রভাব বলয় আরও পাকাপোক্ত করতে পারবে ট্রাম্প প্রশাসন।

এসএইচ