ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বলসোনারো পরিবারের চমক, দ্বিতীয় ধাপে লুলার সামনে কঠিন চ্যালেঞ্জ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছবি পরেছেন এক ব্যক্তি
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছবি পরেছেন এক ব্যক্তি | ছবি: সংগৃহীত
0

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের ব্যালট পেপারে নাম ছিল না দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর। ২০২২ সালের নির্বাচনের পর অভ্যুত্থানচেষ্টার মামলায় ২৭ বছরের বেশি সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে তিনি গৃহবন্দী রয়েছেন। তবে গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে তার রাজনৈতিক দল ও পরিবারের সদস্যরা বড় জয় পেয়েছেন। বর্তমান বামপন্থি প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে পেছনে ফেলে প্রথম ধাপের ভোটে চমক দেখিয়েছেন বলসোনারোর বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রথম ধাপের ভোটে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৭ শতাংশ ভোট এবং প্রেসিডেন্ট লুলা পেয়েছেন ৪৫ শতাংশ ভোট। কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় ধাপের (রানঅফ) ভোট অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রানঅফে ফ্লাভিও বলসোনারোই এখন জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন। রাজনৈতিক পরামর্শক সংস্থা থিংক পলিসি জানিয়েছে, রানঅফে জয় পেতে হলে প্রথম ধাপে অন্যান্য রক্ষণশীল প্রার্থীদের পাওয়া ভোটের অন্তত ৬২ শতাংশ সমর্থন আদায় করতে হবে লুলার, যা তার জন্য অত্যন্ত কঠিন একটি সমীকরণ।

এ নির্বাচনে বলসোনারো পরিবারের আরও চার সদস্য বড় জয় পেয়েছেন। জইর বলসোনারোর স্ত্রী মিশেল বলসোনারো ও মেজ ছেলে কার্লোস বলসোনারো সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া তার ছোট ছেলে জইর রেনান এবং ভাই রেনাতো বলসোনারো দেশটির কংগ্রেসের নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হয়েছেন। বিশ্লেষকদের মতে, ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসে একই পরিবারের এতজন সদস্যের একসঙ্গে নির্বাচিত হওয়ার ঘটনা অভূতপূর্ব।

আরও পড়ুন:

৮১ আসনের সিনেটে বলসোনারোর দল লিবারেল পার্টির আসন বেড়ে দাঁড়িয়েছে ২৮টিতে। আশির দশকে ব্রাজিলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর কোনো একক দলের জন্য এটিই সর্বোচ্চ অর্জন। কংগ্রেসে দলের এই নিরঙ্কুশ আধিপত্যের ফলে জইর বলসোনারোকে সাধারণ ক্ষমা দেয়ার বিষয়টি নতুন সরকারের অন্যতম অগ্রাধিকার হতে পারে বলে মনে করা হচ্ছে।

শারীরিক অসুস্থতার কারণে ৭১ বছর বয়সী জইর বলসোনারো গত মার্চ থেকে কারাগারের বদলে গৃহবন্দী রয়েছেন। ফ্লাভিও বলসোনারো জয়ী হলে তার বাবা নতুন সরকারে আবারও কার্যকর ভূমিকা রাখতে পারেন বলে জানিয়েছে তাদের দল লিবারেল পার্টি।

এএম