বিদেশি কর্মী চাহিদা মোকাবিলায় বিকল্প পথ খুঁজছে মালয়েশিয়া। দেশটিতে থাকা নথিভুক্ত শরণার্থীদের কাজে লাগানোর পরিকল্পনা করা হচ্ছে। প্রায় দুই লাখ ২৫ হাজার শরণার্থীর তথ্য বিশ্লেষণ করে কর্মক্ষম ব্যক্তিদের দেশের শ্রমবাজারে কাজে লাগানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, উৎপাদন, নির্মাণ, সেবা, কৃষি এবং পাম অয়েলসহ বাগানশিল্পে শ্রমিকের ঘাটতি হলে পাম ফল সংগ্রহ বা ইট বসানোর মতো গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে, যার প্রভাব পড়বে অর্থনীতিতে। শরণার্থীদের কাজে লাগানোর উদ্দেশ্য হলো, বিদেশ থেকে কর্মী নিয়োগ না করেও শ্রমশক্তির চাহিদা পূরণ করা।
উদাহরণস্বরূপ, পাসির গুদাংয়ের একটি পাম অয়েল বাগানে যদি ১০০ জন শ্রমিকের প্রয়োজন হয়, তাহলে আমাদের সামনে দুটি বিকল্প রয়েছে। আমরা বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ করতে পারি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব খরচ বহন করতে পারি, অথবা আমাদের বিদ্যমান শরণার্থী নিবন্ধন ডেটাবেইস যাচাই করতে পারি।
এদিকে ভিসার অপব্যবহার ও অবৈধভাবে অবস্থানরতদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, এ সংক্রান্ত অভিযোগে ২০২৪ থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২৫ হাজারের বেশি বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।





