আজ শনিবার বিকেলে রোমের জেমেলি হাসপাতাল থেকে বের হন ৭১ বছর বয়সী পোপ লিও। এ সময় তিনি কারও সাহায্য ছাড়াই হেঁটে নিজের অপেক্ষমাণ গাড়িতে ওঠেন এবং হাসপাতালের বাইরে উপস্থিত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলেন। এর আগে রক্ত পরীক্ষা ও বুকের রেডিওলজিক্যাল পরীক্ষার পর তার শারীরিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় চিকিৎসকেরা তাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেন।
গত মঙ্গলবার অস্ত্রোপচারের মাধ্যমে পোপ লিওর ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়। অস্ত্রোপচার-পরবর্তী প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে আগামীকাল রোববার দুপুরে (বাংলাদেশ সময় বিকেল চারটা) সেন্ট পিটার্স স্কয়ারে পুণ্যার্থীদের সাপ্তাহিক প্রার্থনায় অংশ নেয়ার কথা রয়েছে তার।
চিকিৎসকেরা জানিয়েছেন, পোপ লিও ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমায় আক্রান্ত, যা ফুসফুসের ক্যানসারের একটি পরিচিত ধরন। তুলনামূলকভাবে উদ্যমী হিসেবে পরিচিত ৭১ বছর বয়সী এই ধর্মগুরু গত ২০২৫ সালের মে মাসে নির্বাচিত হন। তার এই আকস্মিক অসুস্থতার খবরে ক্যাথলিক সম্প্রদায়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং এর ফলে আগামী দিনগুলোতে তিনি কীভাবে দায়িত্ব পালন করবেন, তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের জটিলতা ছাড়াই সফলভাবে পোপের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে টিউমারের আকার ঠিক কত বড় ছিল কিংবা ক্যানসার আশপাশের লিম্ফ নোডে ছড়িয়েছে কি না, সে বিষয়ে চিকিৎসকেরা এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।





