মুক্তি পাওয়া দুই নারী হলেন— সুইজারল্যান্ডের ৭৬ বছর বয়সী ইভা গ্রেৎসমাখার ও অস্ট্রিয়ার ৬৯ বছর বয়সী ক্লাউদিয়া আব্বট।
২০২৫ সালে নাইজার থেকে তাদেরকে অপহরণ করা হয়।
ত্রিপোলি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক আল-মাসার টেলিভিশনে প্রকাশিত এক ভিডিওতে দুই নারীকে অত্যন্ত শীর্ণকায় অবস্থায় দেখা যায়। মুক্তি দেয়ায় তারা লিবিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডার খলিফা হাফতার ও তার ছেলে সাদ্দামকে ধন্যবাদ জানান।
আল-মাসার জানায়, ‘নাইজারে দেড় বছর বন্দি থাকার পর দুই জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের একজন অস্ট্রিয়ার ও অন্যজন সুইজারল্যান্ডের নাগরিক।’
ভিডিওতে ফরাসি ভাষায় একজন নারী বলেন, ‘আমার নাম ইভা গ্রেৎসমাখার। আমার বয়স ৭৬ বছর। আমাদের মুক্তি দেয়ায় আমি মার্শাল হাফতার ও তার ছেলে সাদ্দামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘আমি এক বছর নয় মাস ধরে জিম্মি ছিলাম।’ অন্য নারী আব্বটও মুক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেন ও হাফতারকে ধন্যবাদ জানান।
অনলাইন সংবাদমাধ্যম লিবিয়ান নিউজ অবজারভেটরিও তাদের মুক্তির খবর প্রকাশ করেছে। ২০১১ সালে ন্যাটোর সমর্থনে পরিচালিত এক অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তা কাটিয়ে উঠতে দেশটি এখনো হিমশিম খাচ্ছে।
বর্তমানে দেশটিতে ক্ষমতা নিয়ে দু’টি সরকার প্রতিদ্বন্দ্বিতা করছে। এর একটি রাজধানী ত্রিপোলিভিত্তিক জাতিসংঘ-স্বীকৃত সরকার, যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবাহ। অন্যটি দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত ও খলিফা হাফতারের সমর্থনপুষ্ট।—বাসস





