বিজেপির নীতি দু’মুখো: ‘ওরা মা দুর্গাকেও মানে না, হযরত মুহাম্মদকেও মানে না’

মমতা ব্যানার্জি
মমতা ব্যানার্জি | ছবি: সংগৃহীত
0

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লাখ মানুষের নাম। আসন্ন নির্বাচনে এই মানুষদের ভোট দেয়ার সম্ভাবনা খুবই কম। যদিও নাম বাদ যাওয়ার পরে ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ রয়েছে। বাদ যাওয়া এই বিশাল সংখ্যক মানুষের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, তপশিলি, রাজবংশীসহ বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন। আর তা নিয়েই ক্ষোভ প্রকাশ রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়।

এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে দ্বি-চারিতার অভিযোগ এনেছেন মমতা।

আজ (বুধবার, ৮ এপ্রিল) হুগলি জেলায় নির্বাচনি প্রচারণায় গিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান বলেন, ‘বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী! সৌদি আরবে গিয়ে সেখানকার সম্রাটের গলা ধরে কোলাকুলি করো, তখন জাত যায় না। যখন তুমি ইসরাইল থেকে ইরান, ইরান থেকে আমেরিকা ঘুরে বেড়াও- তখন তোমার জাত যায় না। আর এখন ভোটের সময় তোমাদের মনে পড়ে... এরা (বিজেপি) হযরত মুহাম্মদকে মানে না, মা দুর্গাকে মানে না, নিজেরা একটা মনগড়া ধর্ম তৈরি করেছে।’

আরও পড়ুন:

বিজেপি নিশানা করে বাংলাবিরোধী, নারীবিরোধী বলে অভিহিত করে মমতা বলেন, ‘এদের বাংলায় তোমাদের জায়গা নেই। নাম বাদ দেয়ার খেলায় এনআরসি করার চক্রান্ত চলছে। ওই ছক্কাকে আমরা অক্কা করে দেবো। মতুয়া, রাজবংশী, তপশিলি, আদিবাসীদের নাম বাদ গেছে। মুসলমানদের দেখে দেখে কচু কাটা করেছে।’

এসময় বিষধর সাপের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘আপনারা দুই মুখো, কেউটে সাপ। গোখরো সাপ। ভয়ঙ্কর ছোবল। ওই কেউটে বা গোখরো সাপকে ঘরে ঢুকতে দেবেন না। তাহলে এক ছোবলেই শেষ হয়ে যাবেন।’

মমতার অভিযোগ, ‘বিজেপি মা-বোনদের সম্মান দিতে পারে না। আগে নিজেদের চরিত্র ঠিক করুন। তারপর বাংলার মা বোনেদের দিকে তাকাবেন। ওরা আগে দিল্লি সামলাক, তারপরে বাংলাকে টার্গেট করবে। ওরা এখন আবার নতুন খেলা খেলছে। বাংলায় আবার পাকিস্তানকে দিয়ে হুমকি দেয়া হচ্ছে।’

আরও পড়ুন:

তৃণমূলকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে জনসভা থেকে মমতাকে বলতে শোনা যায়, ‘রাজ্যের ২৯৪টি আসনে আমিই প্রার্থী। যদি সব প্রকল্প চালু রাখতে চান তবে তৃণমূলকে ভোট দিন। যাতে এই পাপীরা নাও আসতে পারে। বিজেপি বাংলাকে টার্গেট করতে গিয়ে দিল্লিও হারাবে। ওরা বাংলা টার্গেট করবে, আর আমরা বাংলা জয় করে, দিল্লিও দখল করবো। কারণ ওরা গোটা দেশকে সর্বনাশ করে দিয়েছে।’

যদিও এর পাল্টা হিসেবে বিজেপি নিশানা করেছে। সাবেক বিজেপি সাংসদ অর্জুন সিং বলেছেন, ‘মমতা বন্দোপাধ্যায়ের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উস্কে দিয়ে এ রাজ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে। মমতা বন্দোপাধ্যায়কে বলবো আপনি সাবধান হয়ে যান। পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিনের সরকার আসছে। জিহাদীদের বসিয়ে পশ্চিমবঙ্গের জনবিন্যাস করার যে চক্রান্ত সেটা কোনোভাবেই মানছি না।’

এসএস