মমতা আমলের ‘পুলিশ ওয়েলফেয়ার বোর্ড’ ভেঙে দিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ছবি: এখন টিভি
0

দলীয়করণের অভিযোগে তৃণমূল সরকারের সময়ে গঠিত ‘পুলিশ ওয়েলফেয়ার বোর্ড’ ভেঙে দিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও, স্থগিত হওয়া ফলতা বিধানসভায় একটি নির্বাচনি জনসভায় যোগ দিয়ে মমতার শাসনামলে অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন, ইশতেহারে দেয়া সব প্রতিশ্রুতি পূরণ করবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার জেলা সফর শুরু করলেন শুভেন্দু অধিকারী। শুরুতে অভিষেক বন্দোপাধ্যায়ের সংসদীয় আসন ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে যোগ দেন নতুন মুখ্যমন্ত্রী।

বৈঠকে পুলিশ সদস্যদের কল্যাণে তৃণমূল সরকারের আমলে গঠিত ‘পুলিশ ওয়েলফেয়ার বোর্ড’ ভেঙে দেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, বোর্ডটি একটি নির্দিষ্ট দলের শাখা সংগঠনে পরিণত হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তাভাবনাকে আমরা প্রথমত আগে ভালো উদ্দেশ্যে নিয়ে হয়েছিলো। কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়।’

এরপর স্থগিত হওয়া ফলতায় বিধানসভা নির্বাচনি জনসভায় যোগ দেন শুভেন্দু। সেখানে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা’কে ১ লাখেরও বেশি ভোটে জেতার আহ্বান জানান শুভেন্দু। এছাড়াও ভোটারদের আশ্বস্ত করেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী সব প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি সরকার।

আরও পড়ুন

শুভেন্দু অধিকারী বলেন, ‘গোটা রাজ্যে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্প পত্রে যা যা বলেছে সেগুলো তো কার্যকর করব, সঙ্গে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে।’

এসময় ফৌজদারি অপরাধে জড়িত নয় এমন তৃণমূল কর্মীরা ঘর ছাড়া থাকলে তাদেরকে বাড়িতে ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন শুভেন্দু। আরজিকর কাণ্ডে বহিষ্কৃত ৩ পুলিশ কর্মকর্তার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘তৃণমূলের শাসনামলে যেসব পুলিশ কর্মকর্তারা অপকর্মের সঙ্গে যুক্ত ছিলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য সরকার।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘ভাইপোর পিএ-র ডাইরেকশনে কারা কারা ফলতা, ডায়মন্ড, দক্ষিণ-২৪ পরগনায় অত্যাচার করেছেন, কার নির্দেশে করেছেন আমি শুভেন্দু অধিকারী সব বের করব।’

এছাড়াও, তৃণমূল সরকারের সময় বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থে যারা কারসাজি করেছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী আবাসের বাড়ি, আমফানের টাকা, পিএম কিষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা একটা যদি ডকুমেন্ট থাকে কমপ্লেন নেবেন আর ওই পঞ্চুবাবুকে ধরে সোজা জেলের ভেতর ঢোকাবেন।

গত ২৯ এপ্রিল শেষ দফার ভোটে কারচুপি ও বিশৃঙ্খলার অভিযোগে ফলতা বিধানসভা আসনটিতে ফের নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। ২১ মে আসনটিতে ভোট হবে। ২৪ মে ভোট গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল।

জেআর