সেউতার সীমান্ত নিয়ে ইন্সটাগ্রামে ভুয়া তথ্য, মেটার কনটেন্ট অপসারণ

মরক্কো থেকে সেউতায় ঢোকার চেষ্টা করছেন অভিবাসীরা
মরক্কো থেকে সেউতায় ঢোকার চেষ্টা করছেন অভিবাসীরা | ছবি: অ্যাসোসিয়েটেড প্রেস
0

ইন্সটাগ্রামে কিছু অ্যাকাউন্ট অর্থের বিনিময়ে সীমান্ত পারাপারের ভুল পরামর্শ দিয়ে সেউতার অভিবাসনপ্রত্যাশীদের উস্কে দিচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি। অ্যাকাউন্টগুলো অ্যালগরিদম ব্যবহার করে অভিবাসনপ্রবাসীদের সেউতার সীমান্তবর্তী পথ সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করছে। বিবিসির অনুসন্ধানের পর ইন্সটাগ্রাম থেকে মানবপাচারকে উস্কে দেয় এমন কিছু উস্কানিমূলক কন্টেন্ট সরিয়ে ফেলেছে মেটা।

গেল মাসে রাতারাতি অথৈ সাগর পাড়ি দিয়ে মরোক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকার স্বায়ত্তশাসিত শহর সেউতার উদ্দেশে ৭৮ হাজার অভিবাসনপ্রত্যাশীর আকস্মিক ঢলের ঘটনায়, সীমান্ত সুরক্ষার দুর্বলতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাঠগড়ায় দাঁড়ায় মাদ্রিদ।

সেসময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ দাবি করেছিলেন, আদালতের একটি রায়ের ভুল ব্যাখা দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের উস্কে দেয় মানবপাচারকারী চক্র। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি চাঞ্চল্যকর অনুসন্ধানীমূলক প্রতিবেদন প্রকাশ করল বিবিসি।

অনুসন্ধানে গণমাধ্যটি বেশ কিছু ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে যেগুলো অর্থের বিনিময়ে সীমান্ত পাড়ি দিতে অভিবাসনপ্রত্যাশীদের উদ্বুদ্ধ করে।

আরও পড়ুন:

এছাড়া প্রোফাইলগুলো এমন কিছু কনটেন্ট শেয়ার করা হয়েছে, যেগুলো দেখলে মনে হবে মরোক্কা- সেউতা সীমান্তবর্তী সমুদ্র পাড়ি দেয়া যেন স্রেফ সাঁতার কাটার মতো বিষয়। এক্ষেত্রে প্রতারক অ্যাকাউন্টগুলো কমন অ্যালগরিদম ব্যবহার করে। সাধারণত অ্যালগরিদম হলো কোডের সেট যা ঠিক করে দেয় কোন পোস্ট, ভিডিও বা তথ্য কোন ব্যবহারকারীর সামনে আসবে।

এমন একটি ইন্সটা অ্যাকাউন্টের বিষয়ে তথ্য জানতে ফেক আইডির মাধ্যমে যোগাযোগ শুরু করে বিবিসির অনুসন্ধানী দল। পরে সেউতার পাড়ির বিষয়ে জানতে চাইলে, তথ্যের জন্য অগ্রিম ৪০০ পাউন্ড দাবি করা হয়। এর আগেও অনেককে সমুদ্র পাড়ি দিতে সাহায্য করা হয়েছে বলেও দাবি করে চক্রটি।

এই ধরনের অ্যাকাউন্টগুলোর মধ্যে বেশকিছু সাদৃশ্যও খুঁজে পেয়েছে বিবসি। বেশিরভাগে প্রোফাইলে স্পেনের পতাকা ও বিবরণে মরক্কো -স্পেনের কলিং কোড যুক্ত। এছাড়া বেশিরভাগ ভিডিও’র ক্যাপশনেই সেউতার নাম দৃশ্যমান।

এ বিষয়ে ইন্সটাগ্রামের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান মেটার সঙ্গে বিবিসি যোগাযোগ করলে বেশ কিছু প্রোফাইল সরিয়ে নেয়া হয়। মেটা জানায়, সেউতার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্ল্যাটফর্মটির অভিজ্ঞ দল। এরইমধ্যে মানব পাচারকে উস্কে দেয় এমন কিছু নীতিমালা লঙ্ঘনকারী কন্টেন্ট ইন্সটাগ্রাম থেকে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানায় মেটা।

এসএস