Recent event

দেড় মাস ধরে পৌঁছেনি ত্রাণ, চরম খাদ্য সংকটে লাখো ফিলিস্তিনি

ত্রাণের খাবার নেয়ার জন্য গাজায় ক্ষুধার্তদের ভিড় | ছবি: সংগৃহীত
0

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরাইলি হামলায় নতুন করে আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। দেড় মাসের বেশি সময় ধরে উপত্যকাটিতে ইসরাইল কোনো ত্রাণ পৌঁছাতে না দেয়ায় চরম খাদ্য সংকটে পড়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। সংকট থেকে উত্তরণে জরুরি ভিত্তিতে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। এদিকে আরেক মানবাধিকার সংস্থা প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির ১৫ কর্মী নিহতের ঘটনাকে পেশাদারিত্বের ভুল বলে অপরাধ হালকা করার চেষ্টা করছে ইসরাইল।

এক হাজার ২০০ ইসরাইলির প্রাণের বিনিময়ে অর্ধলক্ষের বেশি ফিলিস্তিনি মুসলিমকে হত্যা করেছে আইডিএফ। অনেকটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে গোটা গাজা উপত্যকাকে। আশ্রয়হীন হয়ে গাজার লাখো মানুষ এখন মানবেতর জীবন পার করছে সেখানে।

গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের তাবুগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। তাদের হামলায় প্রতিদিনই নতুন করে প্রাণ ঝড়ছে ফিলিস্তিনি মুসলিমদের। স্বজন হারানোর আত্মচিৎকারে ভারি হয়ে উঠেছে গাজার বাতাস।

গত ২ মার্চ থেকে গাজায় এখনও পর্যন্ত কোনো ধরনের খাদ্য সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইল। এতে খাদ্যের অভাবে কঠিন সময় পার করছে উপত্যাকাটির লাখো বাসিন্দা। সেই সঙ্গে মানবাধিকার কর্মীরাও চরম অমানবিক জীবন পার করছেন সেখানে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জরুরি ভিত্তিতে গাজায় খাদ্য সহায়তা পাঠানোর অনুরোধ জানিয়েছে।

এদিকে গেল মাসে ইসরাইলি হামলায় প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির ১৫ কর্মীর নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তেল আবিব। সেখানে পেশগত ভুলের কারণে স্বাস্থ্যকর্মীদের মৃত্যু হয়েছে বলে দাবি করে আইডিএফ। যদিও বিষয়টি নিয়ে ইসরাইল মিথ্যাচার করছে বলে দাবি রেড ক্রিসেন্ট সোসাইটির। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

গাজার এ পরিস্থিতি আর সহ্য করা যাচ্ছে না। ভ্যাটিকানে ইস্টার সানডে উপলক্ষ্যে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তাই শিগগিরই গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি।

তিনি বলেন, 'প্যালেস্টাইন ও ইসরাইলের ফিলিস্তিনির প্রতি সমবেদনা। বিশ্বজুড়ে ইহুদি বিদ্বেষ বেড়েছে। যা খুবই উদ্বেগের। গাজায় অনেক মানুষ নিহত হচ্ছে। সেই সঙ্গে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সেখানে।'

গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধের দাবিতে রোববার পাকিস্তানের ইসলামাবাদে বিক্ষোভ করেন লাখো মানুষ। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরাইলকে অবৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানায় বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন, 'ফিলিস্তিনেই ফিলিস্তিনিরা রয়েছে। ইসরাইল একটি অবৈধ রাষ্ট্র। আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। এবং সেই সঙ্গে ইসরাইলকে অবৈধ ঘোষণা করার অনুরোধ রইলো। ফিলিস্তিনিদের জন্য ফিলিস্তিন স্বাধীন করতে হবে।'

অন্য একজন বলেন, '১৮ মাস ধরে সহ্য করছি। ফিলিস্তিনি ভাইদের ওপর নির্মম অত্যাচার করছে ইসরাইল। এসব দেখেও আরব নেতারা চুপ রয়েছে। ফিলিস্তিন ইস্যুতে মুসলিমদের ঐক্য গড়ে তুলতে হবে। পাকিস্তানে ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছি।'

এদিকে গাজা ও ইউক্রেন যুদ্ধ বন্ধের দাবিসহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে 'হ্যান্ডস অফ' বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে। এর আগে একই দাবিতে বিক্ষোভ হয়েছে নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও শিকাগোতেও।

এসএস