লেবাননের উপকূলীয় শহর সিডনের গুরুত্বপূর্ণ মহাসড়কের দৃশ্য এটি। যতদূর চোখ যায় ট্রাফিকের দীর্ঘ সারি। স্থানীয় সময় শুক্রবার (১৮ এপ্রিল) ট্রাম্পের মধ্যস্ততায় যুদ্ধবিরতি কার্যকরের পর উপকূলীয় এলাকা থেকে দক্ষিণে নিজেদের বসতভিটায় ফিরছেন ঘরছাড়া লেবানিজরা।
আর ক্ষয়ক্ষতি সামলে দক্ষিণ লেবাননে খারদালি-নাবাতিয়াহ সড়ক এবং বুর্জ রাহল-টায়ার সেতু মেরামত করে তা পুনরায় খুলে দিয়েছে লেবানন সেনাদের বিশেষ ইউনিট।
শহরের এক প্রান্তে যখন বাড়ি ফেরার তোড়জোড়, অন্য প্রান্তে তখন ধ্বংসস্তূপের ভেতর ফেলা আসা জীবনের স্মৃতি খুঁজছেন এ দম্পতি। কংক্রিটের স্তূপ থেকে বের করে আনলেন বিয়ের ছবি।
আরও পড়ুন:
কিন্তু এ ঘরে ফেরার স্বস্তি কতদিন অটুট থাকবে তা নিয়ে শুরু হয়েছে নতুন সংশয়। কাগজে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও আবারও অস্থির হয়ে উঠছে দক্ষিণ লেবানন। গত দুই দিন ধরে একের পর এক বিচ্ছিন্ন হামলার খবর পাওয়া যাচ্ছে। আজ (রোববার, ১৯ এপ্রিল) লেবাননের দক্ষিণাঞ্চলে হামলায় এক ইসরাইলি সেনা নিহতের খবর পাওয়া গেছে, আহত হয়েছেন বেশ কয়েকজন।
যুদ্ধবিরতি কার্যকরের পরই এ নিয়ে সংশয় প্রকাশ করেছিলো লেবানিজ সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এবার হিজবুল্লাহ প্রধান সাফ জানিয়ে দিলেন, একতরফা এ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করছেন তারা। নাইম কাসেমের অভিযোগ, ২০২৪ সালে যুদ্ধবিরতি কার্যকরের সময় ইসরাইলের সঙ্গে যে সমঝোতা হয়েছিলো, মঙ্গলবারের চুক্তিতে তার কিছুই অন্তর্ভুক্ত করা হয়নি। এটিকে লেবানিজদের জন্য অপমানের বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, ফিলিস্তিনের গাজার মতো লেবাননেও সামরিক নিয়ন্ত্রণ রেখা বা ইয়েলো লাইন স্থাপন করেছে ইসরাইল। এ প্রথম লেবাননে এমন নিয়ন্ত্রণ রেখা টানলো আইডিএফ। অনেক বিশ্লেষকের দাবি, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ’র ঘাঁটি ও শিয়াদের গ্রাম লক্ষ্য করে সীমানাটি দীর্ঘ করার পরিকল্পনা আছে ইসরাইলের, যেমনটি ফিলিস্তিনের গাজায়ও দেখা গেছে।
অন্যদিকে, লেবাননের ঘানধুরিয়া গ্রামে টহল ও বিস্ফোরক উদ্ধার অভিযান চালানোর সময় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী, ইউনিফিলের এক ফরাসি সেনা নিহতের ঘটনায় ক্ষুব্ধ আন্তর্জাতিক মহল। ইমানুয়েল ম্যাক্রোঁ এ হত্যার পেছনে হিজবুল্লাহকে দায়ি করলেও অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি।
এ ঘটনার তদন্ত শুরু করেছে লেবানিজ সেনাবাহিনী। এর আগে, ২ মার্চ ইসরাইল-হিজবুল্লাহ'র সংঘাতে ৬টি হামলার কবলে পড়েন লেবাননে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষীদল। এরই মধ্যে ৩০ মার্চ প্রাণ যায় ৩ ইন্দোনেশিয়ানের।





