যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় একজনের মৃত্যু, নিখোঁজ ১৫

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন
যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় একজন নিহত এবং প্রায় ১৫ জন নিখোঁজ হয়েছেন। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ন্যাশনাল পার্ক সার্ভিস। খবর এএফপির।

শনিবার ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম র‌্যাঞ্চ এলাকায় বন্যা আঘাত হানে। এতে কয়েক ডজন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয় এবং পার্কে পানি সরবরাহের একমাত্র পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়।

পার্ক কর্তৃপক্ষ জানায়, রোববার সন্ধ্যায় উত্তর অ্যারিজোনার কলোরাডো নদীর ক্রিস্টাল র‌্যাপিডসের কাছে ৪৬ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

হাইকারদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, কাদামিশ্রিত প্রবল পানির স্রোত হাঁটার পথ ও ফুটব্রিজের নিচ দিয়ে দ্রুত বয়ে যাচ্ছে। ফুলে ওঠা নদীর স্রোতে গাছের গুঁড়ি ও বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষও ভেসে যেতে দেখা গেছে। চারদিকে ছিল পানির প্রবল গর্জন।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা এবং মানুষজনকে নিরাপদে সরিয়ে নিতে তারা অ্যারিজোনা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

তাদের হিসাবে, রোববার সকাল পর্যন্ত ৬২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও কয়েকজনকে পরে সরিয়ে নেওয়ার কথা ছিল।

এর আগে নিখোঁজের সংখ্যা ২০ জনের বেশি বলা হলেও পরে তা সংশোধন করে প্রায় ১৫ জন বলে জানানো হয়েছে।

বন্যায় গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের গুরুত্বপূর্ণ পানি সরবরাহ ব্যবস্থা ট্রান্সক্যানিয়ন ওয়াটারলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পার্কের সবচেয়ে বেশি পর্যটক যাতায়াত করা এলাকায় পানি ব্যবহারে বিধিনিষেধ জারি করা হয়েছে। পাশাপাশি কাঠ ও কয়লা দিয়ে আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পার্কের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১২ দশমিক ৫ মাইল (২০ কিলোমিটার) দীর্ঘ এই পাইপলাইনটি নর্থ রিমের রোরিং স্প্রিংসের পানির উৎস থেকে সাউথ রিম পর্যন্ত বিস্তৃত। এর মাধ্যমে পার্কে খাওয়ার পানি সরবরাহের পাশাপাশি অগ্নিনির্বাপণের কাজেও ব্যবহৃত হয়।

বন্যায় পার্কের অবকাঠামোরও ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে। কয়েকটি ফুটব্রিজ ধ্বংস হয়েছে এবং ব্রাইট অ্যাঞ্জেল ক্রিক পার হওয়ার পথ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

সোমবার থেকে পার্কের রাতযাপনের ব্যবস্থাও বন্ধ রাখার কথা জানানো হয়েছে। পার্ক কর্তৃপক্ষ বলেছে, ‘পানি নিরাপদ ও স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এই পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

শনিবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে আকস্মিক বন্যা শুরু হয়। পার্ক কর্তৃপক্ষ জানায়, কাইবাব মালভূমিতে বৃষ্টির কারণেই এই বন্যার সৃষ্টি হয়েছে।

পার্ক কর্তৃপক্ষ সতর্ক করেছে বলেছে, ‘সোমবার পর্যন্ত আরও বজ্রঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে ‘আরও আকস্মিক বন্যা, ধ্বংসাবশেষের স্রোত, পাথরধস এবং হাঁটার পথ ও নদীর পরিস্থিতিতে পরিবর্তন’ ঘটতে পারে।

পার্কের ওয়েবসাইটে বলা হয়েছে, উত্তর অ্যারিজোনার শুষ্ক ও কম উদ্ভিদযুক্ত এলাকায় বৃষ্টির পানি শোষণের ক্ষমতা কম থাকায় সেখানে আকস্মিক বন্যা প্রায়ই হয়। তাই জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত দর্শনার্থীদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্বের অন্যতম প্রাকৃতিক বিস্ময় হিসেবে পরিচিত গ্র্যান্ড ক্যানিয়ন লাখ লাখ বছর ধরে কলোরাডো নদীর পানির ক্ষয়ের ফলে তৈরি হয়েছে। নদীর প্রবাহ লাল বেলেপাথরসহ বিভিন্ন ধরনের শিলাস্তর ক্ষয় করে বিশাল এই গিরিখাত সৃষ্টি হয়েছে। গত বছর প্রায় ৫০ লাখ মানুষ গ্র্যান্ড ক্যানিয়ন পরিদর্শন করেছেন।

এএইচ