ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে থেকে দুই দিনে স্বর্ণবারসহ বিপুল অবৈধ পণ্য জব্দ

কাস্টমস হেফাজতে জব্দকৃত মদ ও অন্যান্য পণ্য
কাস্টমস হেফাজতে জব্দকৃত মদ ও অন্যান্য পণ্য | ছবি: সংগৃহীত
0

জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে গেলো দুই দিনে কাস্টমস গোয়েন্দা চারটি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ, মদ, ডার্মাল ফিলার, নিষিদ্ধ গৌরি ক্রিম ও ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২৩ লাখ টাকা।

আজ (শনিবার, ১৭ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর এবং ঢাকার বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে পরিচালিত চারটি পৃথক অভিযানে স্বর্ণবার, বিভিন্ন ব্র্যান্ডের মদ, ১৫৫টি ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন, ১ হাজার ১০৪ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম এবং ২৩টি আমদানি নিষিদ্ধ ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকা।

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ ও মদ জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ অক্টোবর সকাল ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের আবদুল্লাহ আল নোমান নামের যাত্রীর দেহ তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার উদ্ধার করা হয়। স্বর্ণবারটি ডিটেনশন মেমোর মাধ্যমে জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের শুল্ককরাদিসহ আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৬ হাজার টাকা।

একই দিনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা পৃথক তৎপরতায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩০ লিটার মদ জব্দ করেন। সকাল ১১টায় মুম্বাই থেকে আগত এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ পরীক্ষা করে ১৬ লিটার মদ পাওয়া যায়। পাশাপাশি বিমানবন্দরের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় আরও ৭ দশমিক ৫ লিটার এবং অপর দুই যাত্রীর কাছ থেকে ৬ দশমিক ৫ লিটার মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।

ডার্মাল ফিলার, স্কিন বুস্টার ইনজেকশন, আমদানি নিষিদ্ধ গৌরি স্কিন ক্রিম ও ল্যাপটপ জব্দ

গতকাল (শুক্রবার, ১৬ অক্টোবর) সকাল ১১টা ১৩ মিনিটে কলম্বো থেকে আগত শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মো. রাকিব হোসেন নামের এক যাত্রীর ব্যাগেজ স্ক্যান ও পরীক্ষা করে চার ধরনের মোট ১৫৫টি (১৬১ মিলিলিটার) ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৭৬ হাজার টাকা।

এছাড়া একইদিনে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে পরিচালিত অভিযানে এ-শিফটের কর্মকর্তারা বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করেন। জব্দকৃত পণ্যগুলো হলো— ৩৭ কার্টন, মোট ১ হাজার ১০৪ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি স্কিন হোয়াইটেনিং ক্রিম এবং ২৩টি আমদানি নিষিদ্ধ ব্যবহৃত কোর আই-৫ ল্যাপটপ। জব্দকৃত পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা।

এসএইচ