ঘটনাবহুল দু’বছর পার হওয়ার আগেই মধ্যবর্তী নির্বাচনের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজের মসনদে বসার পর থেকেই যুক্তরাষ্ট্রের ইতিহাসের মহান ও সেরা নেতা হিসেবে নিজেকে জাহির করে আসছেন তিনি। এমনকি বিশ্বশান্তির দূত হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন বার বার। তবে নানা বিতর্কিত মন্তব্য ও উদ্ভট কর্মকাণ্ডের জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে ট্রাম্পকে।
সোমবার মিসিসিপি অঙ্গরাজ্যে নির্বাচনি প্রচারণায় গিয়ে আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করে আমেরিকান মহাসাগর রাখার প্রস্তাব করেন ট্রাম্প। গেল সপ্তাহে গুগল লোকেশনে নাম পরিবর্তনের অনুরোধ জানালে তা প্রত্যাখ্যান করেন সিইও সুন্দর পিচাই। তবে মিসিসিপি নদীর নাম পরিবর্তন করবেন না বলে প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট।
রিপাবলিকান সিনেটর সিন্ডি হাইড-স্মিথের পক্ষে ভোট চেয়ে মিসিসিপির ভোটারদের উদ্দেশে ট্রাম্প জানান, মধ্যবর্তী নির্বাচনে ভোটে এত বড় ব্যবধান গড়তে হবে, যেন কারচুপি করেও কেউ জিততে না পারে। এসময় তিনি শুল্ক আরোপের পক্ষেও নিজের যুক্তি তুলে ধরেন সমর্থকদের সামনে।
আরও পড়ুন: ইসরাইলের জাতীয় নির্বাচন: নিরাপত্তা আর গণতন্ত্রের প্রশ্নে ত্রিমুখী লড়াই, অচলাবস্থার শঙ্কা
ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও বিভিন্ন রাজনৈতিক প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন রিপাবলিকান সমর্থকরা। তাদের মতে, যুক্তরাষ্ট্রের সমস্যার মূলে রয়েছে অবৈধ অভিবাসন। দেশের জন্য ট্রাম্প যা করেছেন তা সত্যিই অসাধারণ।
তবে মধ্যবর্তী নির্বাচনের আগে ভোট সংক্রান্ত বিবাদে আবারও ধাক্কা খেলো ট্রাম্প প্রশাসন। ক্যালিফোর্নিয়ার ডাকযোগে ২০ হাজারের বেশি ভোট বাতিলের তাদের আবেদন বাতিল করে দিয়েছেন মার্কিন আপিল আদালত। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এই তালিকার অনেক ভোটার যুক্তরাষ্ট্রের নাগরিক নন। ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য এবং ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি।
এদিকে ওহাইও অঙ্গরাজ্যে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা। দু’পক্ষই একে অপরের ব্যক্তিগত বিষয় নিয়েও শুরু করেছে টানাহেচড়া। গভর্নর হিসেবে অ্যামি অ্যাকটন এবং সিনেটর হিসেবে শেরড ব্রাউনকে নির্বাচিত করতে ডেমোক্র্যাট ভোটারদের প্রতি আহ্বান জানান জনপ্রিয় সংগীতশিল্পী জন লেজেন্ড। তবে ডেমোক্র্যাট নেতা অ্যাকটনের পারিবারিক বিচ্ছেদের ঘটনা নির্বাচনি প্রচারণায় ব্যবহার করছেন প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী।





