শাপলা চত্বর মামলায় প্রধান আসামি শেখ হাসিনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও শেখ হাসিনা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও শেখ হাসিনা | ছবি: সংগৃহীত
0

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে খসড়া তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামির সংখ্যা ও অন্যদের নাম প্রকাশ করা হয়নি।

আজ (রোববার, ১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এসময় মামলার তদন্ত অগ্রগতি জানতে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করে।

চিফ প্রসিকিউটর বলেন, ‘গ্রেপ্তারের স্বার্থে এবং চূড়ান্ত তদন্ত প্রতিবেদন এখনো দাখিল না হওয়ায় আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না।’ তিনি জানান, আগামী ২১ জুলাই মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

তিনি আরও বলেন, ‘তদন্ত সংস্থা ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় ৬১ জন নিহত হওয়ার তথ্য পেয়েছে।’

এদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মামুনুল হক বলেন, ‘চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সংগঠনের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

জেআর