Recent event

টেকনাফে দুর্ঘটনায় পড়া পর্যটকবাহী জাহাজ থেকে ৭২ যাত্রী উদ্ধার

0

যৌথ বাহিনীর সাথে কোস্টগার্ডের সম্মিলিত উদ্ধার অভিযানে টেকনাফে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে ৭২ জন যাত্রী উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার, ২৭ ডিসেম্বর) ভোরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, 'গতকাল (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) আনুমানিক বিকাল ৪টায় পর্যটকবাহী জাহাজ 'এম ভি গ্রিন লাইন' সেন্টমার্টিন থেকে ৭২ জন পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশে গমন করে। উত্তাল সমুদ্রে জাহাজটির জেনারেটরে পানি প্রবেশ করে শর্ট সার্কিট হয়ে জেনারেটর বন্ধ হয়ে যায়। এমতাবস্থায়, জাহাজটি টেকনাফের বাহাড়ছড়ার কচ্ছপিয়া নামক স্থানে চরে আটকে যায়।'

তিনি আরও বলেন, 'সংবাদ পাওয়ার সাথে সাথেই কোস্টগার্ড আউটপোস্ট বাহাড়ছড়া এবং স্টেশন টেকনাফের দু'টি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সাথে সম্মিলিতভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। অতঃপর, রাত ১০টার মধ্যে যৌথ বাহিনী উক্ত জাহাজ হতে সকল যাত্রীদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।'

এসময় কোস্টগার্ড উদ্ধারকারী দল আহত পর্যটকদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে বলেও জানান তিনি।—সংবাদ বিজ্ঞপ্তি

এসএস