Recent event

খালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগ নেয়া হবে: পানিসম্পদমন্ত্রী

খাল পুনঃখনন ও পাড় সুরক্ষা কাজ পরিদর্শন করেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
খাল পুনঃখনন ও পাড় সুরক্ষা কাজ পরিদর্শন করেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি | ছবি: সংগৃহীত
0

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, অবৈধ দখলদারদের হাত থেকে খালের দখল উদ্ধার করে খালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। খাল পুনরুদ্ধারের পাশাপাশি খালের পাড় সুরক্ষার জন্য প্রয়োজনীয় বৃক্ষরোপন ও সৌন্দর্যবর্ধন করা হবে। খাল খনন, উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যেোগ নিতে হবে। দেশব্যাপী খালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল ও আঁটি খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের সুরক্ষা কাজ পরিদর্শনকালে বক্তৃতায় এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী।

এ্যানি চৌধুরী বলেন, এই মুহূর্তে চলমান প্রকল্পের মাধ্যমে খাল খনন-পুনরুদ্ধার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে দেশব্যাপী খাল খননে প্রকল্প নেয়া হবে। কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল ও আঁটি খালের কাজ শিগগিরই সমাপ্ত হবে, এটিকে টেকসই ও নদীর সঙ্গে সংযোগ এবং পানির প্রবাহ ঠিক রাখার জন্য দ্বিতীয় পর্যায়ে আর একটি প্রকল্প নেয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন: দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কি.মি. খাল-পুকুর-জলাশয় খনন-পুনঃখনন কর্মসূচি দিয়েছেন। খাল খনন টেকসই করা, মানুষের জীবন-জীবিকা নির্ভর, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক ও আধুনিক কর্মকৌশল প্রণয়নের ওপর এসময় গুরুত্বারোপ করেন মন্ত্রী।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন এবং ৫ কোটি বৃক্ষরোপনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। খাল খনন-পুনঃখনন করা হলে চাষাবাদে সেচের ব্যবস্থা হবে, নদী নাব্যতা ফিরে পাবে এবং জলবদ্ধতা দূরীকরণ হবে।’ 

পানি সম্পদ মন্ত্রী শুভাঢ্যা খালের খেজুরবাগ, জোড়াব্রীজ, চুনকুটিয়া এবং আঁটি খালের জয়নগর এলাকা পরিদর্শন করেন। এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্ল্যাহ আমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ওমর ফারুক, বিশিষ্ট রাজনীতিবিদ নিপুণ রায় চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এএম