রায়েরবাজার কৃষি মার্কেটে আগুন; পুড়ে ছাই অর্ধশত দোকান

রায়েরবাজার কৃষি মার্কেটে আগুন
রায়েরবাজার কৃষি মার্কেটে আগুন | ছবি: সংগৃহীত
0

ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো রায়ের বাজারের সাদেক খান মার্কেটের অন্তত অর্ধশত দোকান। পুড়ে গেছে আড়তে থাকা বিভিন্ন কাঁচামালসহ বিপুল পরিমাণ নগদ টাকা। এসব দোকানে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আরও জানাচ্ছেন হাসান আল মাহমুদ।

রাত সাড়ে তিনটায় হঠাৎ আগুন লাগে রায়েরবাজারে সাদেক খান কৃষি মার্কেটে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে মার্কেটে। ফায়ার সার্ভিস আসার আগেই পুড়ে যায় অন্তত অর্ধশত দোকান।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে আগুন। এরপর ছাই হাতড়িয়ে শেষ সম্বল খুঁজছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের একজন বলেন, ‘রাত ২টায় মাল নামিয়ে আমি চলে গেছি। ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়েছি।’

ভোররাতে অনেকেই পেঁয়াজ, রসুন, আদা, আলুসহ নানা ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। সব হারিয়ে নিঃস্ব অনেক ব্যবসায়ী।

মার্কেটের দেড়শো পাইকারি আড়তের অন্তত অর্ধশত দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি-পুড়ে যাওয়া দোকানগুলোতে ক্ষতি কয়েক কোটি টাকার।

আরও পড়ুন:

ফায়ার সার্ভিস বলছে, পাইকারি মার্কেটটিতে থাকা প্লাস্টিকের ক্যারেট, কার্টন, পাটের বস্তা থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা দমকল বাহিনীর।

হাজারীবাগ ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা খুব দ্রুত সময়ে আগুনটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের দুই পাশে অনেক দোকান ছিলো। প্রায় দেড়শোটির মতো দোকান আমরা সেভ করতে পেরেছি। শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে মনে করা হচ্ছে।’

বাঁশের তৈরি কাঠামো, আর সিনথেটিক ছাউনি থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় বলে জানায় ফায়ার সার্ভিস।

এফএস