বিএফএলের সূচি সংকটে শঙ্কায় ক্লাবগুলো; সংকট নিরসনের আশ্বাস লিগ কমিটির

অনুশীলনে ফুটবলাররা
অনুশীলনে ফুটবলাররা | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) শুরু হতে বাকি নেই এক সপ্তাহও। তবে এখনো সূচি পায়নি দলগুলো। এ নিয়ে বিচলিত আবাহনী-মোহামেডানের মত বড় দলগুলো, অন্য ক্লাবগুলোও আছে শঙ্কায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির সঙ্গে বৈঠকে বসে সংকট নিরসনের আশ্বাস লিগ কমিটির চেয়ারম্যানের।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ ফুটবল লিগের এবারের আসর। জাতীয় দলের ক্যাম্প, ফিফা উইন্ডো থাকায় ক্লাবগুলোর আপত্তির পরও নির্ধারিত সময়ে মৌসুম শুরুর পরিকল্পনায় বদ্ধপরিকর বাফুফের প্রফেশনাল লিগ কমিটি।

লিগ শুরু হতে দিন পাঁচেকও নেই বাকি, তবে এখনো দলগুলো পায়নি কোনো সূচি। জাতীয় দলের খেলোয়াড় ছাড়া, নির্ধারিত সূচি ছাড়া ক্যাম্পও শুরু করতে পারছে না ক্লাবগুলো। জাতীয় দলের নয় ফুটবলারসহ একাধিক বিদেশি তারকা নিয়ে শিরোপাপ্রত্যাশী মোহামেডান তাই সবচেয়ে বেশি হতাশ। ফেডারেশনের পক্ষ থেকে সূচি আর চিঠির অপেক্ষায় আছেন তারা, এমনটিই জানালেন ক্লাবটির ক্রীড়া পরিচালক মোস্তাকুর রহমান।

তিনি বলেন, ‘কিছু জটিলতার কারণে আমরা সঠিকভাবে মাঠে যেতে পারছি না; আমাদেরও অনেক খেলোয়াড় এখানে নেই। সে কারণে আমরা বিচলিত, শক্তিশালী দল নিয়ে আমরা মাঠে নামতে পারছি না, এটাই তো আমাদের জন্য বড় না পাওয়ার যায়গা।’

আরও পড়ুন:

একই অবস্থা চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনীরও। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটিও নিশ্চিত নয় লিগ ও ফেডারেশনের খেলা শুরুর ব্যাপারে। আক্ষেপ ঝরলো তাই ক্লাবটির ম্যানেজার সহিদ হোসেন স্বপনের কণ্ঠে।

তিনি বলেন, ‘লিগ এবং ফেডারেশন কাপ সঠিক সময়ে হবে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে। অনেক দলই অনুশীলন শুরু করেনি। আমরা আমাদের যে কয়েকটা খেলোয়াড় আছে, তাদের নিয়ে অনুশীলন শুরু করেছি। তবে আমরা পরিপূর্ণ দল এখনো পাইনি।’

শুধু হেভিওয়েট দল না, সূচি না পাওয়ায় বিপাকে ফকিরাপুলের মতো ছোট বাজেটের দলগুলোও। এ সংকট নিরসনে আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসার কথা ছিলো প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের। তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত এসেছে কি না, তা এখনো জানা যায়নি।

এসএইচ