যশোরে চলন্ত বাসে আগুন; অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

নড়াইল এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি বাসে আগুন
নড়াইল এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি বাসে আগুন | ছবি: সংগৃহীত
0

যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত নড়াইল এক্সপ্রেস বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে, বাসের সব যাত্রী নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন।

গতকাল (শুক্রবার, ২৭ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, যশোরের মনিহার এলাকা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় নড়াইল এক্সপ্রেস বাসটি। পথিমধ্যে ফতেপুর এলাকায় পৌঁছালে বাসটির ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়।

আরও পড়ুন:

এরপর বিকট শব্দে বাসটি থেমে গেলে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

যশোর কোতোয়ালী মডেল থানার ইনচার্জ কাজী বাবুল ইসলাম জানিয়েছেন, বাসটি ছাড়ার আগেই চালক যান্ত্রিক ত্রুটির বিষয়টি মালিকপক্ষকে জানিয়েছিলেন। এরপরও মালিকদের চাপে বাসটি যাত্রা শুরু করে।

এফএস