তিনি বলেন, ‘সাবেক এ স্পিকারের বিরুদ্ধে রংপুরের স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়াও রাজধানীর উত্তরা ও বনানী থানায় পৃথক আরও কয়েকটি মামলা রয়েছে। ঢাকার যেকোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।’
শফিকুল ইসলাম বলেন, ‘শিরীন শারমিন চৌধুরীকে আজ দুপুরের দিকে ঢাকার আদালতে তোলা হবে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত রিমান্ড চাওয়া হবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’
আরও পড়ুন:
এর আগে গতকাল সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি।
শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক স্পিকার। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ।
তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এর পর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন।





