পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় নারীসহ দুজন গ্রেপ্তার

দুইজন গ্রেপ্তার
দুইজন গ্রেপ্তার | ছবি: সংগৃহীত
0

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সালমা আক্তার (৩৫) ও মো. মিজানুর রহমান কিরন (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গতকাল (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) রাতে রাজধানীর আগারগাঁও ৬০ ফিট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, মামলার বাদী একজন ব্যবসায়ী এবং স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গত ২৮ ফেব্রুয়ারি রাতে রাজনৈতিক আলোচনার কথা বলে তাকে শেওড়াপাড়ায় ডেকে নেয়া হয়। পরে তাকে একটি বাসায় নিয়ে জোরপূর্বক আটকে রাখা হয়।

অভিযোগ রয়েছে, সেখানে বাদীকে ভয়ভীতি দেখিয়ে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থার ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়।

আরও পড়ুন:

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, আসামিরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বাদীর আপত্তিকর ছবি পোস্ট করে এবং ছবি-ভিডিও মুছে দেয়ার শর্তে বিভিন্ন সময় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নেয়। পরবর্তীতে আরও টাকা দাবি করলে ভুক্তভোগী মিরপুর মডেল থানায় মামলা করেন।

মামলার পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেআর