বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি, আজ থেকেই কার্যকর

সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম | ছবি: এখন টিভি
7

জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে জনস্বার্থ বিবেচনায় গণপরিবহনের ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হবে।

আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সচিবালয়ে তিনি বলেন, ‘নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হবে এবং এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।’

আরও পড়ুন:

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আর দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

তিনি বলেন, ‘ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বেশি সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হয়েছে ১১ পয়সা।’

মন্ত্রী বলেন, ‘ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর। শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না।’

জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়াও আবার কমবে। তবে রেলওয়েতে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।

গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে।

গণপরিবহনের নতুন ভাড়ার তালিকা (কার্যকর: ২৩ এপ্রিল, ২০২৬)

বিবরণ (Details) নতুন ভাড়া (New Fare)
প্রতি কিলোমিটার ভাড়া (বৃদ্ধি) + ১১ পয়সা (প্রতি কিমি)
সর্বনিম্ন ভাড়া (বাস/মিনিবাস) ৮ টাকা (অপরিবর্তিত)
সর্বনিম্ন ভাড়া (মহানগর) ১০ টাকা (অপরিবর্তিত)
কার্যকারিতা ২৩ এপ্রিল, ২০২৬ থেকে

জেআর