বাংলাদেশ থেকে ৬ হাজার কার ড্রাইভার নিতে চায় দুবাই

প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধিদল
প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধিদল | ছবি: সংগৃহীত
0

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধিদল। এসময় বাংলাদেশ থেকে ৬ হাজার কার ড্রাইভার দুবাই নিতে চায় বলে নিশ্চিত করেন কোম্পানির প্রতিনিধিরা। আজ (রোববার, ১৭ মে ) প্রবাসীকল্যাণমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের সময় মন্ত্রী, দুবাই থেকে আগত প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও কর্মী নিয়োগের এ ধারা অব্যাহত থাকবে। এ প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

মন্ত্রী দুবাই গমনের পর প্রশিক্ষণকালে তাদের বেতন-ভাতা দেয়ার ব্যবস্থা করতে প্রতিষ্ঠানটিকে অনুরোধ করেন। একই সঙ্গে তিনি চালকদের পাশাপাশি, বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সদের মতো ‘হোয়াইট কলার’ বা পেশাজীবী কর্মী নিয়োগের জন্য প্রতিনিধিদলকে আহ্বান জানান।

আরও পড়ুন

এসময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘বাংলাদেশ থেকে একজন ড্রাইভারের দুবাই যেতে বর্তমানে অনেক টাকা খরচ হয়। এ কর্মীরা অত্যন্ত দরিদ্র ও খেটে খাওয়া মানুষ, যারা অনেক কষ্ট করে বা ঋণ নিয়ে এ অর্থ সংস্থান করেন। তাই তাদের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করে এ অভিবাসন খরচ কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার অনুরোধ করছি।’

সাক্ষাতে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের কোম্পানিতে ট্যাক্সি ও লিমোজিন ড্রাইভার হিসেবে কর্মরত আছেন, যার মধ্যে প্রায় ৮ হাজার জনই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীরা অত্যন্ত পরিশ্রমী হওয়ায় তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেয়া হয়। এমনকি দুবাই এয়ারপোর্টে বাংলাদেশি নারীরাও সফলতার সঙ্গে ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন বলে তারা উল্লেখ করেন। প্রতিনিধিদলটি আরও জানায়, আগামীকাল (সোমবার, ১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য বাংলাদেশি ড্রাইভারদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে এবং এ দফায় নতুন করে আরও ১ হাজার ৫০০ ড্রাইভারসহ এ বছর ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে তারা আগ্রহী।

এসময় সংযুক্ত আরব আমিরাতের এ কোম্পানিতে কর্মী পাঠানোর একমাত্র অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ‘আল আনাস ওভারসিজের’ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা জানান, ড্রাইভার ছাড়াও বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক হিসেবে কর্মী নেয়ার ব্যাপারে তাদের আগ্রহ রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন প্রতিনিধিদলসহ মন্ত্রণালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

জেআর