বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ
ডা. শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ | ছবি: সংগৃহীত
0

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার (নন-রেসিডেন্ট) ডেরেক লোহ। আজ (সোমবার, ১৮ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডাইরেক্টর তাই দায়ে আর্ন।

বৈঠকটি ‘অত্যন্ত আন্তরিক পরিবেশে’ অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়েছে। আলোচনায় বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন এবং জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক অগ্রগতির বিষয়গুলো প্রাধান্য পায়। এছাড়া গণভোট এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

আরও পড়ুন

সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে এবং সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন। এসময় হাইকমিশনার বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি।

জেআর