লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

বিমানবন্দর
বিমানবন্দর | ছবি: সংগৃহীত
0

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্লাইটে সোমবার ভোর ৫টা ১০ মিনিটে এসব বাংলাদেশি দেশে পৌঁছান। স্বেচ্ছায় প্রত্যাবাসনে আগ্রহী ছিলেন তারা সবাই।

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে। বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় আজ (সোমবার, ১ জুন) ভোরে দেশে ফেরেন তারা।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহায়তায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে অবস্থানকালে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। একই সঙ্গে অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়।

আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সুবিধা দেওয়া হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করে যাচ্ছে।

এফএস