১৭ বছরের দুর্নীতি ও অবহেলায় স্বাস্থ্য খাতে কোনো কাজ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন | ছবি: সংগৃহীত
0

বিগত ১৭ বছরের দুর্নীতি ও অবহেলার কারণে দেশের স্বাস্থ্য খাতে কোনো কাজ হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই দুর্নীতির বৃত্ত থেকে বেরিয়ে একটি দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা খাত তথা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

আজ (বুধবার, ৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি দেশের শিশু ও নারী স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং প্রধান হাসপাতালগুলোর অবকাঠামো সংস্কারে সরকারের বেশ কিছু মেগা পরিকল্পনার কথা জানান।

আগামী ৬ মাসের মধ্যে ৫ বিভাগে ৫টি শিশু হাসপাতাল

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের পাঁচটি বিভাগে (খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা) একটি করে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। আগামী চার থেকে ছয় মাসের মধ্যে, অর্থাৎ ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই এই হাসপাতালগুলো উদ্বোধন করা হবে।

মন্ত্রী বলেন, ‘এই পাঁচটি হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতির দরপত্র (টেন্ডার) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিটি হাসপাতালের জন্য ১ হাজার ৪৭৫ জন করে জনবল লাগবে। প্রতিটি হাসপাতালে পূর্ণ জনবল বরাদ্দ করার জন্য প্রধানমন্ত্রী গতকালই জনপ্রশাসনমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। আগামীকাল এ নিয়ে বৈঠক হবে।’

জনবল বরাদ্দ হলে অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক কোড নিয়ে দ্রুতই হাসপাতালগুলো উদ্বোধন করা হবে বলে তিনি জানান। প্রতিটি শিশু হাসপাতালে সেন্ট্রাল এসি ও একটি করে বড় আইসিইউ প্রাঙ্গণ থাকবে, যেখানে ভবিষ্যতে শয্যা সংখ্যা বাড়ানোর সুযোগ রাখা হবে।

ঢামেক ও মিটফোর্ড হাসপাতালের আবাসন ও অবকাঠামো উন্নয়ন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার তীব্র সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং সেবক ও চিকিৎসকদের আবাসন ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে নতুন আবাসিক ভবন নির্মাণ করতে যাচ্ছি। গণপূর্ত মন্ত্রণালয় ইতোমধ্যে এই প্রকল্প তৈরি করেছে। কয়েক দিনের মধ্যে দরপত্র আহ্বান করা হবে এবং আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী সেখানে গিয়ে এই প্রকল্পের ঘোষণা দেবেন।’

এছাড়া পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘মিটফোর্ড হাসপাতালের ২-৩টি ভবন যেকোনো সময় ভেঙে পড়তে পারে। বিগত সরকারের লোকজন বিভিন্ন সময়ে এগুলো সাবলেট দিয়েছিল। আমরা সেই সাবলেটিং উচ্ছেদ করে ভবনগুলোকে পরিত্যক্ত (কন্ডেমড) ঘোষণা করেছি। সেখানে নতুন আধুনিক হাসপাতাল ভবন নির্মাণ করা হবে।’

চীনের অর্থায়নে ১ হাজার শয্যার ৫টি নারী হাসপাতাল

দেশের মাতৃস্বাস্থ্য ও নারী চিকিৎসায় বড় উদ্যোগের কথা জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে এবং মূলত চীনের অর্থায়নে দেশের পাঁচটি বৃহৎ শহরে বা শহরের সংলগ্ন উন্মুক্ত স্থানে ১ হাজার শয্যাবিশিষ্ট ৫টি আধুনিক ও দৃষ্টিনন্দন হাসপাতাল নির্মাণ করা হবে। এগুলো হবে সম্পূর্ণ নারীদের জন্য বিশেষায়িত হাসপাতাল। চলতি অর্থবছরের মধ্যেই এই হাসপাতালগুলোর নির্মাণকাজ শুরু হবে।’

মন্ত্রী আরও জানান, আগামী ১৫ আগস্টের মধ্যে ৩ মাসে একটি নতুন ভবন উদ্বোধনের পরিকল্পনা রয়েছে, যার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলসহ সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীকে নিয়ে আগামী ১৫ আগস্ট এটি উদ্বোধন করার প্রক্রিয়া চলছে।

এনএইচ