‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান | ছবি: সংগৃহীত
0

দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে কিছু কিছু গণমাধ্যম আদালতের নিষেধাজ্ঞা মানছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ (মঙ্গলবার, ৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

দেশের কোনো কোনো গণমাধ্যম দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘এই প্রশ্ন নিয়ে আলাপ হচ্ছিল। শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বাংলাদেশে একদম সরাসরি নিষেধ আছে। শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেক মিডিয়া এ কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা, নির্দেশনা মানছেন না। এটা ফ্যাক্ট।’

তিনি বলেন, ‘সরকার এটার ব্যাপারে...যেহেতু এই মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয়ের অধীনে আছে, আমরা প্রাথমিকভাবে এই আহ্বান জানাই, এটা ইনফ্যাক্ট আমরা ফরমালিও জানাব, এটা নিয়ে আমাদের কথা হয়েছে, তারা যেন এই কাজটা না করেন।’

আরও পড়ুন

জাহেদ উর রহমান বলেন, ‘আমরা এটা নিয়ে খুবই কঠোর কোনো অবস্থান নিচ্ছি তা না, কিন্তু এটা আবার স্মরণ করিয়ে দিতে চাই এবং আমি মনে করি যে আমাদের মিডিয়াগুলো আইনের প্রতি শ্রদ্ধা রাখবে, শ্রদ্ধা দেখাবে এবং তারা এই জিনিসটা থেকে বিরত থাকবে।’

এমন আহ্বান তো এর আগেও আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে আহ্বান করেছিলেন। কিন্তু সেটি তো মানছে না- এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘ঠিক আছে, আমরা আবার করব এবং কোনো একটা সময়, কোনো একটা সময় হয়তো কোনো ব্যবস্থা নেয়ার কথা ভাবা যেতে পারে।

‘ঘটনা যেটা হয়েছে, সেটা হলো- তিনি যখন কথা বলেন, এটা অন্যান্য মিডিয়ায় যেহেতু আসে, মানুষ এখন যেহেতু খুবই কানেক্টিভিটির যুগ, মানুষ কোনো না কোনোভাবে জেনে যায়। সো এই আলাপও কেউ কেউ করছেন। এটা আমি আবারও এর বাইরে গিয়ে, সরকারের বাইরে গিয়ে বলছি যে এটা আসলে শেষ পর্যন্ত ঠেকিয়ে রাখা যায় কি না। কারণ এই যে আপনি রেফারেন্স দিচ্ছেন একটা বিদেশি মিডিয়া, সেই মিডিয়া আমাদের দেশ থেকে দেখা সম্ভব এবং অনেকে সেটা দেখছেন।’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘তারপর আমি বলি, আনলেস আদালত এই নিষেধাজ্ঞা সরাচ্ছে, এটা করাটা অনুচিত। এটা ‘‘অপরাধ’’ এভাবে বলছি না, এটা অনুচিত এবং আমি আশা করি আমাদের মিডিয়া দায়িত্বশীল ভূমিকা পালন করবে।’

জেআর