জুলাই আন্দোলন নিয়ে নিলোফার মনির বক্তব্যকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে ছাত্রদলের প্রত্যাখান

নিলোফার চৌধুরী মনি, রাকিবুল ইসলাম রাকিব
নিলোফার চৌধুরী মনি, রাকিবুল ইসলাম রাকিব | ছবি: এখন টিভি
0

জুলাই আন্দোলন নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক একটি বক্তব্যকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ ও ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) নিজের ও ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নিলোফার চৌধুরী মনি জুলাই আন্দোলনের নেতৃত্ব এবং হত্যাকাণ্ডের ধরন নিয়ে বেশ কিছু বিতর্কিত প্রশ্ন তোলেন, যা ছাত্রদলের এ কঠোর প্রতিক্রিয়ার কারণ।

টকশোতে অংশ নিয়ে নিলোফার চৌধুরী মনি প্রশ্ন তোলেন, জুলাই আন্দোলনে স্নাইপার চালিয়েছিলেন কারা? তিনি বলেন, ‘অনেক কিছুই আমি বলতে চেয়েও বলতে পারি না। কারণ অনেক কিছু বললে অনেকের কাপড়-চোপড় ঠিক থাকবে না। যারা আজ কথা বলে, তারা কখন কোথায় কীভাবে সেনাবাহিনীর সঙ্গে দেখা করে এই কাজগুলো করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল?’

আন্দোলনের নেতৃত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘যাদের বলা হয় যে তারাই (আন্দোলনের) মেইন, এই আন্দোলনে কারা মেইন ছিল, কেউ জানে না। আন্দোলনে অংশ নেয়াদের একজন আরেকজনকে চেনে নাই। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে; পাশের একজন পড়ে গেছে। মনে করছে যে নরমাল পড়েছে। আসলে সে মারা গিয়েছে। গুলিটা সামনে থেকে আসছে না পেছন থেকে আসছে, সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় নাই, এটা স্নাইপারের গুলি ছিল।’

আরও পড়ুন:

সঞ্চালক যখন প্রশ্ন করেন, ‘তার মানে এটা কি কোনো ডিজাইন ছিল বা ষড়যন্ত্র?’ জবাবে নিলোফার চৌধুরী মনি বলেন, ‘ডিজাইন তো অবশ্যই ছিল, ষড়যন্ত্র কি না আমি বলতে পারবো না।’

তিনি আরও দাবি করেন, ‘কারা মারলো, কেউ জানে না। সামনে কোনো পুলিশও ছিল না। পুলিশের গুলি হলে তো সামনেই হতো। হতে পারে কোনো বাসা থেকে টার্গেট করে, ওপরতলা থেকে টার্গেট করে হয়তো গুলি করা হয়েছে। আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই।’

নিলোফার চৌধুরী মনির এ বক্তব্যের তীব্র সমালোচনা করে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ফেসবুক পোস্টে লেখেন, ‘প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি; আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু সম্প্রতি টেলিভিশন টকশোতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।’

নিলোফার চৌধুরী মনিকে উদ্দেশ করে ছাত্রদল সভাপতি আরও বলেন, ‘আমরা অবগত রয়েছি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরও বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন, সেটাই প্রত্যাশা করি।’

এসএস