এনআইডিতে নাম-বয়স সংশোধনে নতুন বিধিনিষেধ; ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত

নির্বাচন কমিশনের লোগো
নির্বাচন কমিশনের লোগো | ছবি: এখন টিভি
0

জাতীয় পরিচয়পত্রে বয়স এবং নামের সংশোধনীতে মহাপরিচালক পর্যায়ে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ৬ ক্যাটাগরির সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে ইসি।

গতকাল (রোববার, ৬ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলামের সই করা অফিস আদেশে জানানো হয়, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য জাতীয় পরিচয়পত্র সংশোধনের ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ব্যতীত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ৬ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এসব ক্যাটাগরির আবেদনগুলো নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

এক্ষেত্রে ‘ক’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন থানা নির্বাচন কর্মকর্তা। একইভাবে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পর্যায়ে ‘খ’ ক্যাটাগরির সংশোধনী হবে। জেলা নির্বাচন কর্মকর্তা ‘খ’ ক্যাটাগরি এবং ‘গ’ ক্যাটাগরি সংশোধনী আঞ্চলিক নির্বাচন অফিসার নিষ্পত্তি করতে পারবেন। তবে যেসব আবেদন অনলাইনে সম্ভব, সেগুলোর ক্ষেত্রে হার্ডকপি গ্রহণ করা হবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

জেআর